বাংলা ঢোল বাজিয়ে হাতে ফোসকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাক কাঁধে সন্দীপন
ঢাক কাঁধে সন্দীপন

পূজা এলেই শোনা যায় ঢাকের আওয়াজ। রয়েছেন পেশাদার ঢাকি। অনেকে আবার পূজার সময় শখ করে ঢাক বাজান। তেমনই শখের বশে ঢাকা বাজান সংগীতশিল্পী সন্দীপন। সুযোগ পেলেই কাঁধে ঝুলিয়ে ঢাক বাজাতে শুরু করেন। বললেন, পূজার সময় ঢাকের আওয়াজে মন নেচে ওঠে।

ঢাক বাজিয়ে কখনো বিব্রত হননি সন্দীপন। তবে বাংলা ঢোল বাজিয়ে হাতে ফোসকা পড়ে যায় তাঁর। আজ মঙ্গলবার মহালয়ার অনুষ্ঠানে অংশ নিয়েছেন। জানালেন, একবার জোড়খাই (বাংলা ঢোল) বাজিয়ে হাতে ফোসকা পড়েছিল। অনেক দিন ভুগতে হয়েছে।

বললেন, ‘আমি খুব ভালো ঢাক বাজাতে পারি। তবে একবার জোড়খাই বাজিয়ে হাতে ফোসকা পড়ে গিয়েছিল। আমরা তো পেশাদার নই, শখের বশে পূজার সময় সুযোগ পেলে বাজাই। আর তাতেই ঘটে বিপত্তি।’

চট্টগ্রামে তাঁর পূজার স্মৃতি প্রসঙ্গে বললেন, ‘ওখানে তো দারুণ মজা হয়। এক পাড়ার ছেলেরা আরেক পাড়ার মণ্ডপে গিয়ে ঢাকা বাজাতে চায়। কিন্তু অন্য পাড়ার ছেলেরা ঢাকা বাজাতে দিতে চায় না। শেষে এক কথা, দুই কথা—হুট করে খোঁচা দিয়ে ঢাক ফাটিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এদিকে ঢাক ফেটে যাওয়ায় তখন মণ্ডপে তো হইচই বেধে যায়। কিশোর বয়সের এসব ঘটনা মনে হলে এখন মজা পাই।’

সন্দীপন জানান, এবার পূজায় তিনি স্ত্রী আর ছেলে সৌরদীপ্তকে নিয়ে ঢাকাতেই থাকছেন। বনানী মাঠে সপ্তমী আর নবমীর সন্ধ্যায় তিনি গান করবেন। আরও কয়েকটি পূজামণ্ডপে গান গাইবেন। থাকছেন টিভির অনুষ্ঠানেও।