বাংলাদেশে গাইলেন বলিউডের অ্যাশ কিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাশ কিং
অ্যাশ কিং

পুরো নাম আশুতোষ গাঙ্গুলি হলেও দেশ-বিদেশের শ্রোতারা তাঁকে অ্যাশ কিং নামেই চেনেন। ভারতের বাংলা ও হিন্দি সিনেমার এই সময়ের জনপ্রিয় গায়কদের মধ্যে অন্যতম। অ্যাশ কিং এবার গাইলেন বাংলাদেশের জন্য। চিরকুট ব্যান্ডের ড্রামার পাভেল আরীনের সুর ও সংগীতে এটি ব্যবহৃত হবে একটি বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল হিসেবে।
মুম্বাইয়ের একটি স্টুডিওতে ‘সেলফির নেশায় পাইল তাঁহারে, আহারে’—এমন কথার জিঙ্গেলটিতে গত মঙ্গলবার কণ্ঠ দেন অ্যাশ কিং। পাভেল আরীন বলেন, ‘বিজ্ঞাপনচিত্রটির জিঙ্গেলের জন্য একটি ভিন্নধর্মী কণ্ঠ খুঁজছিলাম। এমন সময় মাথায় এল তাঁর নামটি। মাস তিনেক আগে অ্যাশ কিংয়ের সঙ্গে ফোনে পরিচয়। এরপর টুকটাক কথাবার্তা হতো। তাঁকে দিয়ে একটি পূর্ণাঙ্গ গান করানোর পরিকল্পনা ছিল। কিন্তু এর মধ্যে বিজ্ঞানপচিত্রটির প্রস্তাব দিতেই সুর ও সংগীত পছন্দ হওয়ায় কাজটি করতে রাজি হন। খুবই দক্ষ কণ্ঠ তাঁর, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম।’
এদিকে অ্যাশ কিংয়ের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার জন্য এটি খুবই দারুণ একটা অভিজ্ঞতা। আমি নানা ভাষার গান গাইতে পছন্দ করি, এতে দেশ-বিদেশের ভক্ত ও শ্রোতাদের সঙ্গে যুক্ত থাকা যায়। জিঙ্গেলটির কম্পোজিশন আমার বেশ ভালো লেগেছে। আশা করছি, সামনের দিনগুলোতে আমাদের আরও কাজ করা হবে।’