বাংলাদেশের কারও নাম মানুষ মনে রাখুক : নাকিব
মীর নাকিবুল ইসলাম বাংলাদেশের তরুণ উদীয়মান তবলাশিল্পী। তবলা শিখছেন ২০ বছর ধরে। আজ সন্ধ্যা ছয়টায় ছায়ানট মিলনায়তনে শাস্ত্রীয় সংগীতের নতুন আয়োজন ‘দরবারি’-র প্রথম অধিবেশনে তবলা পরিবেশন করবেন নাকিব। এসব নিয়ে কথা বললেন প্রথম আলোর সঙ্গে।

আপনার শুরুটা বলুন। আপনি তো এরই মধ্যে বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি শাস্ত্রীয় সংগীতের আসরে তবলা পরিবেশন করেছেন।
হ্যাঁ, ১৯৯৫ সালে তবলা শেখা শুরু। তারপর থেকে এখনো শিখছি। এ পর্যন্ত আমার গুরুরা হলেন সৈয়দ হাফিজুর রহমান, পণ্ডিত মদন গোপাল দাশ, পণ্ডিত গোপাল মিশ্র, শ্রী অশোক পাল ও পণ্ডিত সুরেশ তালওয়ালকর। ২০০৮ সালে আমার গুরু শ্রী অশোক পাল ‘জাতীয় তবলা উৎসব’-এ তাঁর সঙ্গে আমাকে তবলা পরিবেশনের সুযোগ করে দেন। এরপর দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন শাস্ত্রীয় সংগীতের আয়োজনে অংশগ্রহণ করেছি। সম্প্রতি শাস্ত্রীয় সংগীতের আসর ‘রাগা অ্যান্ড রিদম’-এর দুটি অধিবেশনে ভারতের সৃঞ্জয় মুখার্জি ও ত্রৈলী দত্তের সঙ্গে তবলা বাজিয়েছি। এ বছর বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গসংগীত উৎসবে ‘বেঙ্গল পরম্পরা সংগীতালয়’-এর একজন শিক্ষার্থী হিসেবে পণ্ডিত সুরেশ তালওয়ালকরের নির্দেশনায় ‘তবলা কীর্তন’ পরিবেশনার অংশ হওয়ার সুযোগ পাই। এরপর গত ৭ ডিসেম্বর কলকাতায় ‘মিউজিক মেলোডি’ আয়োজনে তবলা পরিবেশন করি। পণ্ডিত অরুণ ভাদুড়ি এ আসরের উদ্বোধন করেন। এ আসরে আমি আমার বড় গুরু পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ ও আমার গুরু শ্রী অশোক পালের কিছু কম্পোজিশন বাজিয়েছি। শ্রোতারা খুব প্রশংসা করেছেন। সেখানেই জানুয়ারির দিকে আরও দুটি আসরে আমাকে ডাকা হয়েছে। আর আমার পরম সৌভাগ্য, অরুণজী আমাকে এবার আশীর্বাদ করেছেন।
আজ সন্ধ্যায় ছায়ানটে কী করছেন?
প্রথমে একক তবলা পরিবেশন করব। আমার গুরু পণ্ডিত গোপাল মিশ্র ছিলেন বানারসী ঘরানার শিল্পী, আর শ্রী অশোক পাল ফারুখাবাদ ঘরানার। সাধারণত বানারসী ঘরানায় ঠেকার বিস্তার দিয়ে পরিবেশনা শুরু হয়, আর ফারুখাবাদ ঘরানায় পেশকার দিয়ে। আজ আমি দুটোর সমন্বয় করে বাজানোর চেষ্টা করব। ভয়ে আছি। দর্শকদের ভালো লাগে কি না দেখা যাক। শেষ পরিবেশনায় দেশের একমাত্র সন্তুরশিল্পী শান্তনুর সঙ্গে আবার মঞ্চে উঠব আমি।
সামনের পরিকল্পনা কী?
১৭ ডিসেম্বর থেকে শুরু ছায়ানট আয়োজিত শুদ্ধসংগীত উৎসবে এবারই প্রথমবারের মতো সুযোগ পেয়েছি। এ উৎসবে অংশ নেওয়া আমার জন্য খুব আবেগের জায়গা। কেননা, ছায়ানটেই আমার তবলায় হাতেখড়ি হয়েছিল। তাই এটা চ্যালেঞ্জও। উৎসবের প্রথম দিন আমি একা বাজাব। পরের দিন আরও দুটি পরিবেশনার সঙ্গে আমি সংগত করব। একক বাদনে আমি আমার সব গুরুর কিছু কিছু কম্পোজিশন বাজাব। এরপর জানুয়ারিতে নারায়ণগঞ্জে লক্ষ্যাপার শাস্ত্রীয় সংগীত সম্মিলন (৭ জানুয়ারি) ও চট্টগ্রামে সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ বাংলাদেশের আয়োজনে (১৪ জানুয়ারি) অংশ নেব। ১৫ জানুয়ারি থাকব ‘রাগা অ্যান্ড রিদম’-এর চতুর্থ অধিবেশনে। ছায়ানট মিলনায়তনেই হবে সে অনুষ্ঠান।
তাহলে তো সামনে অনেক ব্যস্ততা! আচ্ছা, সামগ্রিকভাবে বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতের সামগ্রিক অবস্থা কেমন মনে করেন?
আগের চেয়ে অনেক ভালো। তরুণদের মধ্যে কণ্ঠ ও যন্ত্রসংগীতচর্চা দুটোই বেড়েছে। বিশেষ করে, গত পাঁচ-ছয় বছর ধরে। এটা খুবই আশার বিষয়। কিন্তু এখানে কথা হলো, পেশাদারির জায়গাটা তৈরি না হলে, তারা এখানে থাকতে পারবে না। অন্য কোথাও চলে যাবে। তাই তাঁদের আরও বেশি বেশি জায়গা দিতে হবে। নিয়মিত শাস্ত্রীয় সংগীতের আসরে অংশগ্রহণের পাশাপাশি টেলিভিশন ও রেডিওর অনুষ্ঠানে তাঁদের আরও পৃষ্ঠপোষক দরকার।
তবলাশিল্পী হিসেবে নিজেকে কোথায় নিয়ে যেতে চান?
আসলে কিছুই শেখা হয়ে ওঠেনি এখনো। আরও শিখতে হবে। দেখুন, শাস্ত্রীয় সংগীতশিল্পীর পরিচিত সব নামগুলোই ভারতের। তাঁদের নাম লোকে জানে, মনে রাখে। আমি চাই, বাংলাদেশের কারও নামও মানুষ মনে রাখুক।
অারও পড়ুন