বাংলাদেশের ছবিতে অ্যাশ কিংয়ের গান

বডিগার্ড, ব্যাং ব্যাং, দম মারো দমসহ বলিউডের বেশ কয়েকটি সফল ছবিতে গান করেছেন অ্যাশ কিং। এবার তিনি গাইলেন বাংলাদেশের ছবিতে। অনন্য মামুনের আমি তোমার হতে চাই ছবির ‘টুকরো প্রেমের গল্প’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিলেন তিনি। গত রোববার রাতে মুম্বাইয়ের ফ্যাট বক্স স্টুডিওতে গানটি ধারণ করা হয়।
কিছুদিন আগেই বাংলাদেশের একটি পণ্যে জিঙ্গেলে কণ্ঠ দিয়েছিলেন অ্যাশ কিং। এবার বাংলাদেশের কোনো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন তিনি। এ প্রসঙ্গে অ্যাশ কিং তাঁর ব্যক্তিগত ব্যবস্থাপক ও শব্দ প্রকৌশলী রিগান শশাংকের বরাত দিয়ে গতকাল মুম্বাই থেকে বলেন, ‘এ গানটি করতে সময় নিয়েছি আমি। বাংলাদেশের শ্রোতাদের কাছে খারাপ লাগবে না গানটি।’
গানটির গীতিকার ও সংগীত পরিচালক শফিক তুহিন। তিনি বলেন, গানটি ভালো গেয়েছেন অ্যাশ কিং। অ্যাশ কিং কাজের প্রতি কতটা যে আন্তরিক ও মনোযোগী, কাছ থেকে না দেখলে তা বিশ্বাস করা যাবে না। শতভাগ পেশাদার। নিজের সর্বোত্তম দেওয়া না পর্যন্ত তিনি চেষ্টা চালিয়ে যান।
লন্ডনে জন্ম নেওয়া অ্যাশের দাদার বাড়ি ছিল বাংলাদেশে। প্রথম আলোর সঙ্গে আলাপে তিনি বলেন, সুযোগ পেলে ঢাকায় নিজের পূর্বপুরুষদের ভিটায় ঘুরে যেতে চান তিনি। অ্যাশ বলেন, ‘আমার খুব ইচ্ছা ঢাকা ঘুরে দেখার। সেখানে গানও করতে চাই। শহরটিতে আমার বাবার স্মৃতি জড়িয়ে আছে।’