বাউলিয়ানায় তাঁরা তিন বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দ্রমোহন রাজবংশী, ফরিদা পারভীন ও সফি মণ্ডল
ইন্দ্রমোহন রাজবংশী, ফরিদা পারভীন ও সফি মণ্ডল

‘শোনাও বাউলগান, মাতাও বাংলার প্রাণ’—এই স্লোগানে আবারও শুরু হতে যাচ্ছে লোকগানের সংগীতশিল্পী অন্বেষণের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’। এবার এই আসরের প্রধান তিন বিচারক হলেন ইন্দ্রমোহন রাজবংশী, ফরিদা পারভীন ও সফি মণ্ডল।
লোকগানের অনুষ্ঠান বাউলিয়ানার নতুন আসরের খবর জানাতে গতকাল সোমবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিচারক ছাড়াও আয়োজক কর্তৃপক্ষের কর্তাব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
ইন্দ্রমোহন রাজবংশী বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্ম লোকগানের বিভিন্ন ধারার গায়কি সম্পর্কে জানতে পারবে। তারা উৎসাহিত হবে।’
ফরিদা পারভীন বলেন, ‘লোকগান আমাদের আদি ও অকৃত্রিম একটা ব্যাপার। লোকগান নিয়ে এমন আয়োজন আমার মনের ভেতরে দারুণ অনুরণন ঘটিয়েছে।’
সফি মণ্ডল বলেন, ‘যাঁদের গান শুনে শুনে আমার কান তৈরি হয়েছে, আমার মনকে প্রস্তুত করেছি, তাঁদের সঙ্গে আজকে একই অনুষ্ঠানে বিচারক হিসেবে থাকতে পেরে অহংবোধও করছি, কিছুটা লজ্জাও পাচ্ছি।’
বাউলিয়ানা অনুষ্ঠানটির সঙ্গে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত আছে স্কয়ার টয়লেট্রিজের পণ্য ‘ম্যাজিক’। গতকাল থেকে নাম নিবন্ধনের কার্যক্রম শুরু হয়েছে। www.magicbauliana.com-এ ভিজিট করেও নাম নিবন্ধন করতে পারবেন। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার রাত নয়টায় মাছরাঙা টেলিভিশনে দেখানো হবে ম্যাজিক বাউলিয়ানা।