বাজারে মিনারের 'আহা রে'

অবশেষে প্রকাশিত হলো গায়ক মিনারের নতুন অ্যালবাম আহা রে। এটি তাঁর তৃতীয় একক গানের অ্যালবাম। ৬ জুন অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয়। এতে অ্যালবামের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।
মিনারের প্রথম অ্যালবাম ডানপিটে প্রকাশিত হয় ২০০৮ সালে। এই অ্যালবামের ‘সাদা’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা লাভ করে। ২০১১ সালে প্রকাশিত হয় মিনারের দ্বিতীয় একক অ্যালবাম আড়ি। চার বছর পর নতুন অ্যালবাম শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পেরে বেশ খুশি মিনার। বললেন, ‘শ্রোতাদের হাতে নতুন গানগুলো তুলে দিতে পারছিলাম না ভেবে মনটা একটু খারাপ ছিল। অবশেষে অ্যালবামটি তাঁরা হাতে পাচ্ছেন ভেবে সব খারাপ লাগা দূর হয়ে গেল।’
আহা রে অ্যালবাম নিয়ে মিনার বললেন, ‘আমার খুব পছন্দের কিছু গান দিয়ে অ্যালবামটি তৈরি করেছি। কথা, সুর আর সংগীতায়োজনেও নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছি।’
এই অ্যালবামে গান রয়েছে আটটি। গানগুলোর সুর মিনারের। সংগীতায়োজন করেছেন পাভেল আরীন। অ্যালবামের বেশ কয়েকটি গানের কথাও লিখেছেন মিনার। একটি গানে মিনারের সঙ্গে অতিথি শিল্পী হিসেবে আছেন তাহসান। আহা রে অ্যালবামটি বাজারে এনেছে জি সিরিজ।