বাপ্পার সঙ্গে গাইলেন সোনা মোহাপাত্র

বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদারের সুরে এবার গান গাইলেন ভারতের এ সময়ের আলোচিত গায়িকা সোনা মোহাপাত্র। বাংলা ও হিন্দি দুই ভাষায় গানটি রেকর্ড করা হয়। দ্বৈতকণ্ঠের এ দুটি গানে সোনার সঙ্গে ছিলেন বাপ্পা। ১৭ ও ১৮ এপ্রিল ভারতের মুম্বাইয়ের ওম গ্রোন স্টুডিওতে গান দুটির কণ্ঠ ধারণের কাজ শেষ হয়।
সাম্প্রতিক সময়ে বলিউডের অনেক সফল সিনেমায় গান গেয়েছেন সোনা মোহাপাত্র। ওডিশার এই সংগীতশিল্পী প্রশংসিত হয়েছেন এমটিভি কোক স্টুডিওতে গান করেও। অন্যদিকে বাংলাদেশের গানের জগতে ব্যস্ত সময় পার করছেন বাপ্পা মজুমদার। বাপ্পা ও সোনার গাওয়া বাংলা গানটির শিরোনাম ‘বন্ধু রে’, আর হিন্দি গানটি ‘সাওয়ারিয়া’। বাংলাদেশের শাহান কবন্ধ বাংলা গানটি লিখেছেন। হিন্দিতে শাহানের এ গানটির ভাবানুবাদ করেছেন ভারতের গীতিকবি নুসরাত বদর। গান দুটি নির্মিত হয়েছে ভারতের সনি ডিএডিসির ব্যানারে।
গান রেকর্ড শেষে সম্প্রতি ঢাকায় ফিরেছেন বাপ্পা মজুমদার। গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোর সঙ্গে আলাপে বাপ্পা বলেন, ‘খুবই চমৎকার অভিজ্ঞতা নিয়ে মুম্বাই থেকে ফিরলাম। সেখানে যাওয়ার পর সবার আন্তরিক অভ্যর্থনা আমাকে মুগ্ধ করেছে। গানটাও খুব চমৎকার হয়েছে।’
এবারই প্রথম হিন্দি ভাষায় গান গাওয়ার অভিজ্ঞতা হলো বাপ্পার। এ বিষয়ে তিনি বলেন, ‘ওখানে যাঁরাই আমার কণ্ঠে হিন্দি গান শুনেছেন, সবাই অ্যাপ্রিশিয়েট করেছেন। তাঁরা বলেছেন, আমি যে প্রথমবারের মতো একটা ভিন্ন ভাষায় গান করলাম, এটা নাকি একেবারেই বোঝা যায়নি। অন্যদিকে সোনা মোহাপাত্রও বাংলা ভাষায় খুব সুন্দর গান গেয়েছেন। গানটিতে কণ্ঠ দিয়ে তাঁর ভালো লাগার কথাও তিনি আমাকে জানিয়েছেন।’
ভারতের সনি মিউজিকের সহযোগী সংস্থা সনি ডিজিটাল অডিও ডিস্ক করপোরেশনের (সনি ডিএডিসি) ব্যানারে আগামী জুন মাসে গান দুটি মুক্তি পাবে। অডিওর পাশাপাশি গান দুটির ভিডিও প্রকাশিত হবে। আট মাস আগে এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত নির্বাচিত করা হয় বাংলাদেশের গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদারকে। তিনি বলেন, ‘বাংলাদেশের গান বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যাবে সনি ডিএডিসির মাধ্যমে। এটি তারই প্রয়াস বলা যেতে পারে।’