বাবা আইয়ুব বাচ্চুকে নিয়ে বলবেন মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু তাঁর পেশাদার জীবনের পুরোটা সময়ে পরিবারকে কখনো সামনে আনেননি। তিনি চেয়েছিলেন, পরিবারের অন্য সদস্যরা তাঁদের স্বাভাবিক জীবন যাপন করুক।

ছেলে আহনাফ তাজওয়ার ও মেয়ে ফাইরুজ সাফরাকে নিয়ে আইয়ুব বাচ্চু
ছবি : সংগৃহীত

মৃত্যুর আগে ছেলে আহনাফ তাজওয়ার আইয়ুবকে বাবা আইয়ুব বাচ্চুর সঙ্গে মঞ্চে দেখা গেলেও মেয়েকে সেভাবে কেউ দেখেনি। আগামীকাল বাংলাদেশ সময় বেলা তিনটায় অস্ট্রেলিয়ার সিডনি থেকে ফেসবুক লাইভে যুক্ত হবেন দেশের গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর কন্যা ফাইরুজ সাফরা আইয়ুব।

তানভীর তারেকের উপস্থাপনায় ‘জীবন যেখানে যেমন’ অনুষ্ঠানে বাবা আইয়ুব বাচ্চুকে নিয়ে কথা বলবেন ফাইরুজ সাফরা আইয়ুব। এই অনুষ্ঠানে গত দেড় বছরে একাধিক তারকা কথা বলেছেন বিভিন্ন প্রসঙ্গে। অনুষ্ঠানের ৭৮তম পর্বে রকস্টার বাবাকে নিয়ে কথা বলবেন আইয়ুব বাচ্চুর কন্যা সাফরা। এই অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি আয়োজনে বাবা আইয়ুব বাচ্চুকে নিয়ে কথা বলবেন তাঁর মেয়ে।

তানভীর তারেকের উপস্থাপনায় বাবা আইয়ুব বাচ্চুকে নিয়ে ‘জীবন যেখানে যেমন’ অনুষ্ঠানে কথা বলবেন মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব

দেশের রক আইকন আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর তাঁর গান সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হয়। আইয়ুব বাচ্চুর নামে তৈরি হয়েছে ডিজিটাল মিউজিয়াম। তাঁর স্মরণে তাঁর নিজ জেলা চট্টগ্রামের সবচেয়ে ব্যস্ত চত্বরে গড়ে উঠেছে গিটার ভাস্কর্য। মৃত্যুর পরও তুমুল জনপ্রিয় এই কিংবদন্তিকে নিয়ে সারা দেশের অগণিত ভক্তের কৌতূহল, ভালোবাসা, উন্মাদনা আগের মতোই। এলআরবি, আইয়ুব বাচ্চুর রেকর্ডসংখ্যক জনপ্রিয় গান, এবি কিচেন, আইয়ুব বাচ্চুর গিটার, স্টুডিওসহ যাবতীয় অমূল্য সম্পদ নিয়ে পরিবারের সিদ্ধান্ত, বাবার স্মৃতি এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে সরাসরি কথা বলবেন আইয়ুব বাচ্চুর কন্যা সাফরা।

দেশের রক আইকন আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর তাঁর গান সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হয়। আইয়ুব বাচ্চুর নামে তৈরি হয়েছে ডিজিটাল মিউজিয়াম
ছবি : প্রথম আলো

‘জীবন যেখানে যেমন’ অনুষ্ঠানে অংশ নেওয়া প্রসঙ্গে সাফরা বলেন, ‘সারা বিশ্বের লক্ষকোটি শ্রোতার মনে আমার বাবার বসবাস। তাঁদের কৌতূহলকে শ্রদ্ধা জানাতেই পরিবারের পক্ষ থেকে কিছু বিষয় স্পষ্ট করাটা জরুরি বলে মনে করি। আর তানভীর তারেক বাবার প্রিয়জন। বাবার স্টুডিও, গান এসবের বাইরেও কিছু মানুষ ছিলেন বাবার ভীষণ আপন, তাঁদের ভেতর তিনি একজন। তাই তিনি যখন বললেন, তাঁর উপস্থাপনায় কিছু কথা বলার জন্য, রাজি হলাম।’

আইয়ুব বাচ্চু
ছবি: প্রথম আলো

আগামীকাল শনিবার বাংলাদেশ সময় বেলা তিনটায় তানভীর তারেকের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে সরাসরি এই কথোপকথন উপভোগ করা যাবে। আয়োজন প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘আমি সব সময় বলে এসেছি, ব্যক্তিজীবনে এই ঢাকা শহরে আমার অন্যতম আশ্রয়ের নাম আইয়ুব বাচ্চু। ভালোবাসা আর শ্রদ্ধার অমূল্য এক মানুষ ছিলেন তিনি। মৃত্যু অনিবার্য, এটা জেনেও কিছু কিছু মৃত্যুকে আমরা ভীষণ আফসোসের কাতারে রাখি যে আরও কয়েকটা বছর এই কিংবদন্তি আমাদের সঙ্গে থাকলে বাংলা গান আরও সমৃদ্ধ হতো। তিনি দেশের আনাচে–কানাচে এবং বিশ্বের নানা দেশ ঘুরে বেড়িয়েছেন গিটার নিয়ে। সেই মহান ব্যক্তিকে স্মরণে রেখে তাঁর পরিবারের কিছু কথা আমার এই অনুষ্ঠানের মাধ্যমে কোটি ভক্তকে জানাতে চেয়েছি। আশা করছি গানপাগল আইয়ুব বাচ্চুর ভক্তদের জন্য আয়োজনটি বিশেষ হবে।’