বাবা-মেয়ের নাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সে কবেকার কথা। স্টেফানির বয়স যখন সাত, তখন সে বাবার সঙ্গে দাঁড়িয়েছিল মঞ্চে, দেখিয়েছিল নাচ। বাবা বলেছিল, ‘এ আমারই মেয়ে!’

যাকে নিয়ে কথা হচ্ছে, তিনি বন জোভির মেয়ে স্টেফানি রোজ। জোভি যখন খ্যাতির শীর্ষে, তখনই ছোট্ট মেয়েটাকে দেখা গিয়েছিল বাবার কনসার্টে নাচতে।
এরপর ​হোম ভিডিওতে দেখা গেছে সেই ছোট্ট বাচ্চাটিকে। কিন্তু গত শনিবার বন জোভি চমকে দিলেন তাঁর শ্রোতা-ভক্তদের। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে যখন গাইছিলেন জোভি, তখনই ঘটল সে ঘটনাটি। হ্যাঁ, ঠিক ধরেছেন। ১৬ বছর পর বাবার সঙ্গে আবার মঞ্চে নাচলেন সেই ছোট্ট মেয়েটি, যার বয়স এখন ২৩।
বন জোভির বয়স এখন ৫৪। অর্ধেক গান গেয়ে হঠাৎ​ থেমেছিলেন তিনি। তারপর বলেছিলেন, ‘প্রত্যেকের জীবনেই একটা ছোট্ট মেয়ে থাকে। তারপর বান্ধবী, স্ত্রী, মা—কী দ্রুত কেটে যায় সময়।...আমি একটা ছোট্ট শিশুকে নিয়ে লিখেছিলাম গান, যে এখন আর ছোট্টটি নেই।’ এ কথা বলে বন জোভি মঞ্চে আসার আহ্বান জানান স্টেফানিকে। সারা মিলনায়তনের সম্মিলিত চিৎ​কার আর হর্ষধ্বনির মধ্যে স্টেফানি এসে যোগ দেন বাবার সঙ্গে।
বাপ-বেটি দুটি নাচে অংশ নেন।
গানের কথাগুলো ছিল
‘সত্য হচ্ছে কোনো একদিন
কেউ একজন আসবে ওকে নিতে (তুমি দেখে নিয়ো)
কিন্তু সে সারা জীবন আমার হৃদয়ের রানি হয়ে থাকবে
পাঁচ বছুরে রাজকুমারী আমার’।
‘পিপল’ ম্যাগাজিনকে একটি সূত্র জানিয়েছে, এই পরিবারটির বন্ধন খুব দৃঢ়। তাঁরা যেভাবে নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, তা দেখতে খুব ভালো লাগে।
মার্চের ৮ তারিখে লস অ্যাঞ্জেলেসে আরেকটি শো হচ্ছে তাঁদের। ইয়াহু