
গত বছরের ঘটনা। মঞ্চে ছেলে রাহুল শর্মা, দর্শক সারিতে বাবা পণ্ডিত শিবকুমার শর্মা। রাহুলের বাজানো শেষ হতেই মাঠভরা দর্শক দাঁড়িয়ে সম্মান জানালেন। দাঁড়িয়েছিলেন বাবা শিবকুমারও। কেন? তিনি তো আর সাধারণ দর্শক নন, ‘বাবা’। গত বছর প্রশ্নটা করার সুযোগ হয়নি। এ বছর সামনে পেয়ে আর লোভ সামলানো গেল না। কিন্তু শিবকুমার শর্মার উত্তরটা শুনে চুপসে যেতে হলো: ‘সবাই দাঁড়িয়ে গেছে, তাই আমিও দাঁড়িয়েছি।’ সহজ ও স্বাভাবিক উত্তর। যেভাবে তিনি মঞ্চে উঠে সহজভাবে বাজিয়ে চলেন ‘সন্তুর’; যাঁর হাত ধরে এই যন্ত্র আলাদা শব্দসম্ভার নিয়ে ঠিকঠাক জায়গা করে নিয়েছে উচ্চাঙ্গসংগীতের বিশাল জগতে, তাঁর মুখে কি এমন সহজ কথা মানায়!
অথচ এই সহজ কথার মানুষের কিনা হওয়ার কথা ছিল তবলাবাদক! কারণ, ছোটবেলা থেকেই সংগীতচর্চা করতেন ও তবলা বাজাতেন তিনি। কিন্তু সন্তুর নিয়ে বাবা উমা দত্ত শর্মার গবেষণার ক্ষেত্র হয়ে যান শিবকুমার। বাবার আগ্রহেই সন্তুর নিয়ে নতুন যাত্রা শুরু করেন শিব। বলেন, ‘বাবার স্বপ্ন নিয়ে এগিয়েছি। সেটা কতটা পূরণ করতে পেরেছি, তা বলতে পারছি না। তবে এই যন্ত্র নিয়ে সামনে এগোনোর সময় সবচেয়ে বড় পরামর্শক ছিলেন আমার বাবা।’ বাবার স্বপ্ন পূরণের পথে হাঁটতে গিয়ে তিনি এরই মধ্যে পেয়েছেন পদ্মবিভূষণ পুরস্কার।
মাথাভরা শ্বেতশুভ্র চুল। পায়জামা-পাঞ্জাবি পরে গতকাল হাজির হয়েছিলেন সংবাদ সম্মেলনে। সম্মেলন বলতে দুটি গণমাধ্যমের উপস্থিতি। তাই সেটা আসলে আর সম্মেলন না হয়ে পরিণত হয়েছিল আড্ডায়। মুখোমুখি বসে কথার শুরুতেই জানালেন বাংলাদেশে আসার অনুভূতি। ‘আমি তো এই নিয়ে চারবার এলাম। চারবার এসে আমি এই দেশের খাবারের প্রেমে পড়ে গেছি।’
সন্তুর বাজানোর গোপন রহস্য উন্মোচন করেন আড্ডায়। ‘আমি খেয়াল করি, যেন সন্তুরের শব্দটা আলাদা করা যায়। আর আমি বাজানোর সময় নিজে পৃথিবী থেকে আলাদা হয়ে যাই।’
শিবকুমার শর্মা গতকাল তাঁর কথা শেষ করেছিলেন এভাবে, ‘আমি এই দেশে আবার আসতে চাই। পুরো বিশ্বের মধ্যে উচ্চাঙ্গসংগীত নিয়ে এমন আয়োজন আর চোখে পড়েনি। তাই যত দিন বেঁচে আছি, এই আয়োজন থেকে দূরে থাকতে চাই না।’