বাবা আর ব্রিটনির অভিভাবক থাকছেন না
পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের আইনি অভিভাবকত্বের মামলার রায় এখনো হয়নি। তার আগেই তিনি জানতে পারেন, দীর্ঘদিনের আইনি লড়াইটা শেষ হচ্ছে। বাবা জেমি স্পিয়ার্স আর তাঁর আইনি অভিভাবক থাকতে চান না। গতকাল বৃহস্পতিবার আদালতের একটি নথির ওপর ভিত্তি করে মার্কিন গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার আদালতে জমা দেওয়া জেমি স্পিয়ার্সের আইনজীবী নথিতে জানান, জেমির সরে দাঁড়ানোর প্রকৃত অর্থে কোনো কারণ নেই। এমনকি তিনি কবে থেকে সরে যাচ্ছেন, তারও নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি। অন্যদিকে ব্রিটনি স্পিয়ার্সের নতুন আইনজীবী ম্যাথু রোজেনগার্ট ঘটনাটিকে দেখছেন তাঁর মক্কেলের বড় বিজয় এবং সুবিচারের পথে আরও এক ধাপ অগ্রগতি হিসেবে।
ব্রিটনির বয়স তখন ২৬ বছর। ব্যক্তিগত সম্পর্ক ও ক্যারিয়ারের ঝামেলায় প্রায়ই বিষণ্নতায় ভুগতেন তিনি। একপর্যায়ে অবস্থা এমন হয়েছিল যে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হলো। তখনই এই আইনি অভিভাবকত্বের প্রসঙ্গ আসে। তখন তাঁর বাবা জেমি স্পিয়ার্সকে আইনি অভিভাবকত্ব দেওয়া হয়। সেই সূত্রে ২০০৮ সাল থেকে জেমি তাঁর মেয়ের অর্থ-সম্পদ নিয়ন্ত্রণ শুরু করেন। কিন্তু এই অভিভাবকত্ব ক্রমেই ব্রিটনির কাছে অমানবিক শৃঙ্খল হয়ে ওঠে। তিনি আদালতের দ্বারস্থ হন, বাবার বিরুদ্ধে অর্থ অপব্যহারের অভিযোগ আনেন এবং বাবার অভিভাবকত্ব থেকে মুক্তি চান। শুধু তা–ই নয়, একে অমানবিক ও নিপীড়নমূলক বলেও উল্লেখ করেন। বাবার হাত থেকে মুক্তি না দিলে গান ছেড়ে দেওয়ার হুমকিও দেন তিনি।
যদিও গোড়া থেকেই তাঁর বাবা এ অভিযোগ অস্বীকার করে আসছিলেন। অবশেষে মামলা চলাকালে ব্রিটনির পক্ষে দাঁড়ান তাঁর ভক্তরা। হ্যাশট্যাগ ফ্রিব্রিটনি প্রচারণার মাধ্যমে বিষয়টিকে গুরুতর আলোচনার বিষয়ে গড়িয়ে নেন তাঁরা। এমনকি তারকারাও দাঁড়িয়ে যান ব্রিটনির পাশে। টুইটারে ব্রিটনির পক্ষে কথা বলেন সাবেক প্রেমিক জাস্টিন টিম্বারলেক। আদালতের বাইরে ভক্তরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন।