বারানসিতে গিরিজা দেবীর শেষকৃত্য কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিরিজা দেবী। ছবি: খালেদ সরকার
গিরিজা দেবী। ছবি: খালেদ সরকার

ভারতের প্রখ্যাত ধ্রুপদ সংগীতশিল্পী বিদুষী গিরিজা দেবীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার ভারতের উত্তর প্রদেশের বারানসির গঙ্গার ঘাটে। ভারতের ‘ঠুমরির রানি’ এখানেই জন্মগ্রহণ করেছিলেন।

আজ বুধবার সকালে গিরিজা দেবীর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কলকাতার সংগীত রিসার্চ একাডেমিতে রাখা হয়। আগামীকাল সকালে বিমানে করে তাঁর মরদেহ পাঠানো হবে বারানসিতে। তাঁর ইচ্ছা অনুযায়ী সেখানে গঙ্গাঘাটে এই মহান শিল্পীর শেষকৃত্য হবে।

গিরিজা দেবীর মৃত্যুতে ভারতের সংগীতজগতে শোকের ছায়া নেমে এসেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ কলকাতার সংস্কৃতিজগতের বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় অনেকেই লিখেছেন, দেশ আজ এক মহান শিল্পীকে হারিয়েছে। এ ক্ষতি অপূরণীয়। শাস্ত্রীয় সংগীতের জগতে এক বিরাট আঘাত।

বুকে ব্যথা শুরু হওয়ায় গতকাল মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গের কলকাতার বি এম বিড়লা হাসপাতালে ভর্তি করা হয় গিরিজা দেবীকে। অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে রাত ৮টা ৪৫ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন বলে জানান হাসপাতালের মুখপাত্র। গিরিজা দেবীর বয়স হয়েছিল ৮৮ বছর।

‘আনন্দবাজার’ পত্রিকা চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে বলেছে, গিরিজা দেবীর মৃত্যু হয়েছে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে। পরিবার সূত্রে খবর, এই শিল্পী অনেক দিন থেকেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

এই মহান শিল্পী ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণসহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। ১৯২৯ সালে বারানসিতে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৭ সালে স্বামীর মৃত্যুর পর তিনি চলে আসেন কলকাতায়।