বাড়ি ফেরার তাড়া প্রকাশনায় আড্ডা আর গান

কলকাতার কণ্ঠশিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের নতুন একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। নাম ‘বাড়ি ফেরার তাড়া’। অ্যালবামের প্রকাশনা উপলক্ষে শনিবার রাজধানীর বাংলামোটরে অবস্থিত সেভেনহিল রেস্তোরাঁয় আড্ডা আর গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লেজার ভিশনের আয়োজনে গীতিকবি জুলফিকার রাসেলের গীতিকবিতায় ভারতের খ্যাতিমান কণ্ঠশিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের একক অডিও অ্যালবাম ‘বাড়ি ফেরার তাড়া’র প্রকাশনা পরবর্তী এক আড্ডায় যোগ দেন শিল্পী রাঘবসহ দেশের বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিত্বরা। আড্ডার পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কণ্ঠশিল্পী রাঘব চট্টোপাধ্যায়।
‘বাড়ি ফেরার তাড়া’ অ্যালবামের গানগুলো লিখেছেন জুলফিকার রাসেল। অ্যালবামের গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন রাঘব নিজেই। সংগীত পরিচালনা করেছেন তমাল চক্রবর্তী ও ইন্দ্রজিত্ দে। অ্যালবামের গানের মধ্যে রয়েছে ‘একা এ মন’, ‘বাড়ি ফেরার তাড়া’, ‘মনের ভেতর মনের মানুষ’, ‘এই যে হঠাত্’ এবং ‘তোমায় ভেবে চাঁদ উঠুক’।
‘বাড়ি ফেরার তাড়া’ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামিনা চৌধুরী, নকীব খান, পিলু খান, মইনুল ইসলাম খান, কাজী রওনাকুল ইসলাম, রেশাদ মাহমুদ, সামিয়া জামান, মোরশেদুল ইসলাম, টিপু, বিপ্লব, কৌশিক হোসেন তাপস, শাওন মাহমুদ, আজিজুল হাকিম, তারিন, আনজাম মাসুদ, চয়নিকা চৌধুরী, তন্ময় তানসেন, সজীব, টি ডব্লিউ সৈনিক, রিপন খান, প্রত্যয় খানসহ আরও অনেকে।