বিক্রির অপেক্ষায় প্রিসলির স্মৃতিবিজড়িত দুই বিমান

‘দ্য কিং অব রক অ্যান্ড রোল’খ্যাত মার্কিন গায়ক প্রয়াত এলভিস প্রিসলির স্মৃতিবিজড়িত দুটি ব্যক্তিগত বিমান বিক্রি হচ্ছে। মৃত্যুর আগ পর্যন্ত দ্য লিসা মেরি এবং হাউন্ড ডগ টু নামের বিমান দুটির মালিক ছিলেন প্রিসলি। ১৯৭৭ সালে তাঁর মৃত্যুর পর বিমান দুটির মালিক হন কে জি কোকার নামের এক ব্যক্তি। ৩০ বছর ধরে বিমান দুটি প্রদর্শনীর জন্য রাখা আছে এলভিস প্রিসলির গ্রেসল্যান্ড ম্যানসনে।
এখন পর্যন্ত অগণিত দর্শনার্থী মেমফিস শহরে অবস্থিত প্রিসলির গ্রেসল্যান্ড ম্যানসনে গিয়ে বিমান দুটি দেখেছেন। বিমান দুটির বর্তমান মালিক কোকার মনে করছেন, চড়া দামে সেগুলো বিক্রি করতে পারবেন তিনি। এ প্রসঙ্গে কোকার বলেন, ‘এগুলো জাদুঘরে রাখার মতো। আশা করছি, বিমান দুটি কেনার জন্য বড় অঙ্কের প্রস্তাব আসবে। আমি এগুলোর দাম নির্ধারণ করে দিতে চাই না।’
এলভিস তাঁর একমাত্র মেয়ে লিসা মেরি প্রিসলির নামে একটি বিমানের নাম রেখেছিলেন দ্য লিসা মেরি। চার ইঞ্জিনবিশিষ্ট কনভেয়ার ৮৮০ বিমানটির ভেতরে রয়েছে শোবার ঘর, সোনার ফিটিংসসহ স্নানঘর এবং স্টেরিও সিস্টেম। আর দ্য লিসা মেরি বিমানকে নিজের পছন্দমতো নতুন করে সাজানোর সময় হাউন্ড ডগ টু বিমানটি ব্যবহার করতেন এলভিস প্রিসলি।
দ্য লিসা মেরি সর্বশেষ আকাশে উড়েছিল ১৯৭৭ সালে। আর বিমানটির শেষ যাত্রী ছিলেন এলভিস প্রিসলির সাবেক স্ত্রী প্রিসিলা প্রিসলি এবং বিটলস তারকা প্রয়াত জর্জ হ্যারিসন। তাঁরা লস অ্যাঞ্জেলেস থেকে বিমানটিতে চেপে প্রিসলির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে মেমফিস গিয়েছিলেন।