বিচারক হতে ঢাকায় আসছেন মিতালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিতালী মুখার্জি
মিতালী মুখার্জি

গানের অনুষ্ঠানে অতিথি বিচারক হতে ঢাকায় আসছেন বাংলাদেশে জন্ম নেওয়া ভারতীয় সংগীতশিল্পী মিতালী মুখার্জি। আগামীকাল ৪ মে মুম্বাই থেকে ঢাকায় আসবেন তিনি। পরদিন সন্ধ্যায় শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে অতিথি বিচারকের দায়িত্ব পালন করবেন।
শুধু তা-ই নয়, অনুষ্ঠানে মিতালী গানও গাইবেন। তাঁর ঢাকায় আসার খবরটি প্রথম আলোকে গত বৃহস্পতিবার সকালে দেন ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন।
‘জীবন নামের রেলগাড়িটা’, ‘যেটুকু সময় তুমি থাকো পাশে’, ‘কেন আশা বেঁধে রাখি’, ‘তোমার চন্দনা মরে গেছে’, ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’—এ রকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী মিতালী মুখার্জির সঙ্গে বৃহস্পতিবার বিকেলে যখন কথা হয়, তখন তিনি মুম্বাইয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। আমন্ত্রণ পেয়ে ভীষণ আনন্দিত বলে জানান এই শিল্পী। বললেন, ‘স্কুলজীবন শেষ করে উচ্চশিক্ষার জন্য বৃত্তি নিয়ে আমি ভারতে চলে আসি। এরপর নানা সময়ে জন্মভূমিতে গান শোনাতে গিয়েছি। বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলের রিয়েলিটি শোর বিচারক হওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম হতে যাচ্ছে। যদিও ভারতের কয়েকটি চ্যানেলে গানের অনুষ্ঠানে আমি বিচারক হয়েছি। আমার বিরাট সৌভাগ্য, এবার জন্মভূমিতে ছোট বাচ্চাদের রিয়েলিটি শোতে গান শুনব। তাদের গান নিয়ে কথা বলব। আমার যে কী আনন্দ, তা বলে বোঝাতে পারব না।’
মিতালী যেখানে থাকেন, সেখানে চ্যানেল আই দেখার সুযোগ নেই। তবে জন্মভূমির এই চ্যানেল থেকে যখন তাঁকে অতিথি বিচারক হওয়ার আমন্ত্রণ জানানো হয়, তখন ইউটিউব ঘেঁটে অনুষ্ঠান সম্পর্কে ধারণা নেন। শুধু তা-ই নয়, কলকাতায় থাকা ভাইদেরও এই আমন্ত্রণের খবরটি জানিয়েছেন। সবাই নাকি দারুণ খুশি। মিতালী বললেন, ‘আমার ছোটবেলা কেটেছে ময়মনসিংহে। পড়াশোনা করেছি ময়মনসিংহের বিদ্যাময়ী স্কুলে। তখন গানের বিভিন্ন প্রতিযোগিতার জন্য ঢাকায় যেতাম। এখন তো বাচ্চাদের বিরাট সুযোগ করে দিয়েছে চ্যানেল আই। বিশ্বের যেখানে এই চ্যানেল দেখা যায়, সেখানকার দর্শকেরা খুদে বাচ্চাদের গান শুনতে পারছেন। বাচ্চারাও নিজেদের প্রতিভা সবার সামনে তুলে ধরতে পারছে।’
গানের অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন শেষে ৭ মে মুম্বাই ফিরে যাবেন মিতালী। ক্ষুদে গানরাজ অনুষ্ঠানের প্রধান দুই বিচারক হলেন ফেরদৌস আরা ও এস আই টুটুল।