বিজয় দিবসে আসামে গাইবে গানপাগল

ভারতের আসামে গাইতে যাচ্ছে গানের দল গানপাগল। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে গানের দলটি আমন্ত্রণ পেয়েছে আসাম হাইকমিশন অব বাংলাদেশ থেকে। ১৬ ডিসেম্বর ভারতের গুয়াহাটির একটি মিলনায়তনে সেখানকার দর্শকদের সামনে গাইবে তারা।
দলটির শিল্পী মোহাম্মদ শোয়েব জানান, প্রায় সব ঘরানার বাংলা গান করেন তাঁরা। সেই গানে শুদ্ধতার ছোঁয়া রাখার চেষ্টা থাকে। শাস্ত্রীয় সংগীতের শিক্ষার্থী ও শিক্ষক তিনি। পড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে। শোয়েব বলেন, ‘আমরা গান নিয়ে পড়াশোনার ভেতরেই থাকি। দলের সবাই নিজেদের শেখা জিনিসগুলো ভাগাভাগি করি। সব ধরনের গানের মাধ্যমে মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই।’
অ্যালবাম না থাকলেও অনলাইনে পাওয়া যায় দলটির অনেক গান। বাংলা সিনেমার পুরোনো কিছু গান নিজেদের মতো করে নতুন সংগীতায়োজনে গেয়েছেন তাঁরা। সম্প্রতি নিজেদের নতুন গানের কাজ শেষ করেছেন। শিগগিরই শুরু হবে গানটির ভিডিওর কাজ। সেই কাজ শেষে মাস দুই পর ‘মন আমার পাল তুলেছে’ গানটির ভিডিও দেখা যাবে অনলাইনে।