বিটলস আসছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিটলসের জীবিত দুই সদস্য রিঙ্গো স্টার ও স্যার পল ম্যাকার্টনি
বিটলসের জীবিত দুই সদস্য রিঙ্গো স্টার ও স্যার পল ম্যাকার্টনি

আবার বিটলস! যদিও নেই জন লেনন, নেই জর্জ হ্যারিসন, কিন্তু কাল বৃহস্পতিবার তাঁরা দুজনও থাকবেন স্যার পল ম্যাকার্টনি ও রিঙ্গো স্টারের সঙ্গে। বিটলসের জীবিত দুই কিংবদন্তি সেদিন লন্ডনের লেস্টার স্কয়ারে উপস্থিত থাকবেন। এখানে প্রিমিয়ার হবে রন হাওয়ার্ড নির্মিত এইট ডেজ এ উইক তথ্যচিত্রটির, তাতে উঠে আসবে বিটলসের স্বর্ণযুগের কথা। বাস্তবে সম্ভব না হলেও পর্দায় একসঙ্গে থাকবেন বিটলসের চারজন।
লিভারপুলের সেই বিখ্যাত ‘ছোকরা চতুষ্টয়’ জয় করেছিল লক্ষকোটি সংগীতপ্রেমীর হৃদয়। গত শতাব্দীর ষাটের দশকে তাঁদের উত্থান, ষাটের দশকেই দল হিসেবে বিটলসের অবসান, কিন্তু বিটলস টিকে থাকল মানুষের হৃদয়ে। এই চারজন এরপরও চালিয়ে গেছেন তাঁদের সাংগীতিক ভ্রমণ, পা রেখেছেন সাফল্যের উঁচু সিঁড়িতে, তারপরও শরীর থেকে ছাড়িয়ে নিতে পারেননি বিটলসের ছাপ।
স্মৃতিচারণা করে পল ম্যাকার্টনি বললেন, ‘আমরা চারজন বহুদিন একসঙ্গে ছিলাম, তারপর বিচ্ছিন্ন হয়েছি, কিন্তু এখনো আমরা চারজন একসঙ্গেই আছি।’ রনের ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বললেন, ‘আমরা এক্স-বিটলস। লেনন যখন চলে গেল, তখন আমরা তিনজনই মুষড়ে পড়েছিলাম। এটা ছিল সারা বিশ্বের জন্যই এক বড় ক্ষতি। সে কথা মনে রেখে আমাদের মনের অবস্থা বোঝার চেষ্টা করুন। আপনারা যদি বিটলসকে পছন্দ করেন, তাহলে এই তথ্যচিত্রটিকেও পছন্দ করবেন।’
রন হাওয়ার্ড অস্কারজয়ী পরিচালক। এইট ডেজ এ উইক ছবিতে কনসার্টের মাধ্যমে লিভারপুলে বেড়ে ওঠা এই চার ছোকরার যুক্তরাষ্ট্র জয়ের আদ্যোপান্ত বর্ণনা রয়েছে।
এই ছবি নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করেছেন জন লেননের স্ত্রী ইয়োকো ওনো ও জর্জ হ্যারিসনের স্ত্রী অলিভিয়া হ্যারিসন। ছবিতে দেখানো হয়েছে কীভাবে এই চার তরুণ এক হয়ে বিশ্ব জয় করলেন। বিটলস শেষবারের মতো বড় কনসার্ট করেছিল ১৯৬৬ সালে সানফ্রান্সিসকোর ক্যান্ডলস্টিক পার্কে। এর তিন বছর পর তাঁরা তাঁদের লন্ডনের অ্যাপল রেকর্ডস হেডকোয়ার্টারের ছাদে শেষ লাইভ শো করেন।