বিটিএস সদস্যরা ইনস্টাগ্রামে
দীর্ঘ বিরতিতে যাওয়ার পরই নতুন ঘোষণা। বিটিএস–ভক্তদের জন্য সুখবর বটে! এখন প্রত্যেক সদস্যেরই ব্যক্তিগত আপডেট জানতে পারবেন বিটিএস আর্মি মানে ভক্তরা। কারণ, ইনস্টাগ্রামে ভি, জাংকুক কিংবা সুগাকে আলাদা করে পাওয়া যাবে।
এদিকে ভক্তরাও ঝাঁপিয়ে পড়েছেন প্রিয় শিল্পীকে অনুসরণ করতে। ইতিমধ্যে এই শিল্পীদের প্রত্যেকেরই অনুসারীর সংখ্যা ১৭ মিলিয়নের ওপরে। অবাক করা ব্যাপার হলো, প্রত্যেকে সাতটি অ্যাকাউন্ট অনুসরণ করেন। সেগুলো হলো বিটিএসের অফিশিয়াল অ্যাকাউন্ট ও অন্য ছয় সদস্যের অ্যাকাউন্ট। জিনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে দেখা যায়, তিনটি ছবি দিয়েছেন তিনি। প্রথম পোস্টে যে ছবি দিয়েছেন, তাতে দেখা গেল, সাদা হাতাওয়ালা টি–শার্ট আর জিনস পরেছেন তিনি। চুল ঝুঁটি বাঁধা।
সুগা দিয়েছেন দুটি ছবি। আরএম ছবি দিয়েছেন ছয়টি। আরএম প্রথম যে ছবি আপলোড করেছেন, সেখানে দেখা গেল সমুদ্রের কাছে চেয়ারে বসা তিনি। তাকিয়ে আছেন সমুদ্রের অপার জলরাশির দিকে।
ভি দিয়েছেন চারটি ছবি। প্রথমটিতে দেখা গেল ঝুলন্ত স্কেলিটন। জে–হোপ চারটি ছবি দিয়েছেন। তাঁর পোস্ট দেওয়া প্রথম ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘আমি তোমাদের হোপ’। আর ক্যালিফোর্নিয়ার সমুদ্রসৈকতের ছবি দিয়েছেন জাংকুক। তাঁর আরেকটি ছবিতে দেখা গেল, ওপরের দিকে আঙুল উঁচু করে সোফি স্টেডিয়ামের মঞ্চে বসে আছেন তিনি। জিমিন তাঁর একটি স্যুট পরা মনোক্রম ছবি দিয়েছেন প্রথম পোস্টে।
জনপ্রিয় কে–পপ ব্যান্ড বিটিএস এবার যাচ্ছে বিশ্রামে। দলটির বিরতিতে যাওয়ার খবর জানিয়েছে দলের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিগ হিট এন্টারটেইনমেন্ট। টুইটারে এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আরএম, জিন, সুগা, জে–হোপ, ভি, জিমিন ও জাংকুকরা এবার দীর্ঘ বিশ্রামে যাচ্ছেন। ২০২২ সালের মার্চ মাসের আগে আর তাঁদের পারফর্ম করতে দেখা যাবে না। এবার ইনস্টাগ্রামে ভক্তদের পাশাপাশি পরিবারের সঙ্গে কাটবে তাঁদের সময়।