সুরের জাদুকর লাকী আখান্দের প্রায় সব গানই জনপ্রিয়। কোনোটা সুর করেছেন, কোনোটার সংগীত পরিচালনা, আবার কোনোটা নিজেই গেয়েছেন। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, যে গান তাঁর পরশ পেয়েছে, সেটিই মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে। শ্রোতারা অনুভব করেন বলে শিল্পীরাও সেসব গান গেয়েছেন, গাইছেন। ভবিষ্যতেও গাইবেন এই সুরস্রষ্টার গানগুলো। লাকী আখান্দের চলে যাওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর সংগীতাঙ্গনের স্বজনেরা। সেগুলোর সংক্ষিপ্ত সংকলন নিয়ে এই আয়োজন।


খুরশীদ আলম, কণ্ঠশিল্পী
শিল্পীদের মাধ্যমেই লাকী বেঁচে থাকবেন
লাকী অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছিল, এটা তার কৃতিত্ব। চাহিদা ছিল খুব কম, দুঃখ-কষ্ট পেলেও প্রকাশ করত না। গানপাগল একটা লোক ছিল, গানকে খুব ভালোবাসত। সে চাইত, সবাই শিল্পী হোক। সে মনে করত, শিল্পীরা কখনো খারাপ কাজ করতে পারে না। শিল্পীদের প্রতি আমার অনুরোধ, যেখানেই লাকীর গান গাইবেন, তাঁর নামটি উল্লেখ করবেন। আপনাদের মাধ্যমেই লাকী বেঁচে থাকবে।

কাজী হাবলু, সুরকার ও পারকাশনিস্ট
ফিল্মের গানের থেকেও জনপ্রিয় তাঁর গান
লাকী ভাইয়ের মূল্যায়ন হলো না। যখন সুস্থ ছিলেন, সবাই চেয়েছিলেন সহযোগিতা করতে। সেটাও তাঁর খ্যাতির কারণে। কিন্তু তাঁর কাজের সময়ে কেউ পাশে ছিল না। তিনি লাতিন গান পছন্দ করতেন। অ্যাকোর্ডিয়ান, বঙ্গো ও কি–বোর্ড—এই তিন বাদ্যযন্ত্র খুব পছন্দ করতেন। খুব ভালো হারমোনিয়াম বাজাতেন বলে কি–বোর্ডটাও চমৎকার বাজাতে পারতেন। তিনি ফিল্মের জন্য গান করেননি বটে, কিন্তু ফিল্মের গানের থেকেও জনপ্রিয় তাঁর গানগুলো। আমার তৃপ্তিটা হচ্ছে, আমার সুরে শেষ গান ‘বারে বারে আমি বলেছি’ গেয়েছিলেন তিনি।

কাওসার আহমেদ চৌধুরী, গীতিকার
গান যদি বিশ-পঁচিশ বছর না বাঁচে, লাভ কী?
আমার লেখা ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’ গানটি নিয়াজ মোহাম্মদ চৌধুরীকে দেওয়া হয়। সেটার একটা জায়গা কোনোভাবেই করতে পারছিল না নিয়াজ। সে লাকীকে বলল, ‘দোস্ত, জায়গাটা একটু সহজ করে দাও।’ লাকী বলেছিল, ‘দেখো, নিয়াজ, আমি যে গানটি করি, সেটা যদি বিশ-পঁচিশ বছর না বাঁচে, তাহলে করে লাভ কী? তুমি না পারলে আমি অন্য শিল্পী খুঁজব। না পেলে আমিই গাইব।’ শিল্পীর লক্ষ্য ও আত্মবিশ্বাস ছিল—আমি এটা করতে পারবই। এটাই ছিল তার শক্তি।
শেষবার যখন দেখতে যাই, লাকী বলেছিল, ‘কাওসার, তোমার “বিশ শতকের যন্ত্রণা ভরা মন” গানটা ভালোই ছিল। আজ পর্যন্ত কাউকে দিয়ে গাওয়ানো গেল না। এটা তো করে ফেলা দরকার।’ আমি বললাম, হ্যাঁ, অবশ্যই করা দরকার। তুমি একটু সুস্থ হও, তারপর করা যাবে। সেই গানটা আর করা হলো না।

নকীব খান, কণ্ঠশিল্পী
এক ভিন্ন ধারার জন্ম দিয়েছিলেন
আধুনিক বাংলা গানে এক ভিন্ন ধারার জন্ম দিয়েছিলেন লাকী আখান্দ্। আমি তাঁর গান প্রথম শুনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। তাঁর ‘জন্মভূমি বাংলা মাগো’ গানটি আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছিল। চলচ্চিত্র অঙ্গনের বাইরে এত জনপ্রিয় গান আর কেউ আমাদের উপহার দিতে পারেননি। কিন্তু আমরা তাঁর সঠিক মূল্যায়ন করতে পারিনি।

নিয়াজ মোহাম্মদ চৌধুরী, কণ্ঠশিল্পী
তিনি একজন সত্যিকারের শিল্পী ছিলেন
লাকী আখান্দ্ যে ধরনের শিল্পী, তাঁর গান ও তাঁর গানের সুর সত্যিই মানুষের মনের কোথায় যেন নাড়া দেয়। তিনি মনেপ্রাণে একজন শিল্পী ছিলেন। শুধু সংগীত নিয়েই ভেবেছেন। পুরো সময়টা গানের পেছনেই ব্যয় করেছেন। মোট কথা, তিনি একজন সত্যিকারের শিল্পী ছিলেন। এই প্রজন্ম একজন মুরব্বিকে হারাল। তারপরও জীবন তো থেমে থাকে না।

সামিনা চৌধুরী, কণ্ঠশিল্পী
মানুষের হৃদয়ে গেঁথে দিতেন সুর
তিনি একজন অভিমানী শিল্পী ছিলেন। অভিমান করেই চলে গেলেন। কত আগে থেকে গান নিয়ে কাজ করছেন তিনি। অথচ সেই শুরু থেকেই মডার্ন গান উপহার দিয়েছেন। তিনি সুরের জাদুকর ছিলেন। গান আসত আর তিনি জাদুর মতো সুর দিয়ে গানটিকে মানুষের হৃদয়ে গেঁথে দিতেন। একজন নির্লোভ মানুষ ছিলেন তিনি, শুধু তাঁর প্রাপ্যটুকুই চাইতেন। লাকী আখান্দ্ আজ আমাদের মাঝে নেই, কিন্তু সবার কাছে অনুরোধ থাকবে, মঞ্চ বা টেলিভিশনে যখন কেউ তাঁর গান গাইবেন, তা যেন শুদ্ধভাবে গাওয়া হয়। তাহলেই তাঁর গান সুন্দরভাবে সবার মাঝে বেঁচে থাকবে।
গ্রন্থনা: রাসেল মাহ্মুদ ও শফিক আল মামুন
লাকী আখান্দের জনপ্রিয় ১০টি গান
* আগে যদি জানতাম
* এই নীল মণিহার
* আজ এই বৃষ্টির কান্না দেখে
* আমায় ডেকো না, ফেরানো যাবে না
* যেখানে সীমান্ত তোমার
* আবার এল যে সন্ধ্যা
* কে বাঁশি বাজায় রে
* মামুনিয়া
* কবিতা পড়ার প্রহর এসেছে
* লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া