বিদেশে প্রথম কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবস্‌কিওর ব্যান্ডের সদস্যরা
অবস্‌কিওর ব্যান্ডের সদস্যরা

ব্যান্ড অবস্কিওর যাত্রা করে ১৯৮৫ সালে। দেশে বহু কনসার্টে গান করেছে দলটি। দলীয় অ্যালবাম ছাড়াও গান করেছে মিশ্র অ্যালবামের জন্য। দলটির ‘মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়’সহ বেশ কিছু গান আজও মানুষের মুখে মুখে। ৩১ বছর পেরিয়ে গেলেও বিদেশে কোনো কনসার্টে গাইতে যাওয়া হয়নি তাদের। এবার এল সেই সুযোগ। প্রথম বিদেশে গাইতে যাচ্ছে দলটি।
২৫ মার্চ সাতজনের দল নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন দলটির মূল কণ্ঠশিল্পী সাইদ হাসান টিপু। ৩১ মার্চ ক্যানবেরার একটি কনসার্টে গাইবেন তাঁরা। এরপর ১ এপ্রিল নিউ ক্যাসেল, ২ এপ্রিল সিডনি ও ৮ এপ্রিল অ্যাডিলেডে গাইবেন তাঁরা। গতকাল শনিবার সন্ধ্যায় টিপু প্রথম আলোকে বলেন, ‘একা বিদেশে শো করার আমন্ত্রণ পেয়েছি অনেকবার। কিন্তু ব্যান্ড ছাড়া একা আমি কখনোই বিদেশে যেতে চাইনি। এবার দল নিয়েই বাইরে বের হওয়ার সুযোগ হলো। আশা করি, প্রবাসী বাঙালিদের সঙ্গে সময়টা ভালোই কাটবে।’
কনসার্ট শেষ করেই দেশে ফিরছে না দলটি। সবাই মিলে কয়েকটি দিন নিজেদের মতো সময় কাটাবেন তাঁরা। টিপু জানালেন, এটি মূলত স্বাধীনতা দিবসের আয়োজন। এ ছাড়া বৈশাখকে কেন্দ্র করে আরও কয়েকটি কনসার্টে গাওয়ার সম্ভাবনা আছে তাঁদের। কনসার্টগুলোর আয়োজক সেখানকার বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু পরিষদ।
অবস্কিওর দলে এখন মূল গায়ক হিসেবে আছেন টিপু, বেজ গিটারে রাজু, লিড গিটারে শান্ত, ড্রামসে রিঙ্কু, কি–বোর্ডে শাওন ও শব্দ প্রকৌশলী আজম বাবু।