বিনা পারিশ্রমিকে গান গাইলেন তাঁরা

ওমাং কাপুরের ‘সরবজিত’ সিনেমাটি মুক্তি পাবে ২০ মে। এখন জোরেশোরেই চলছে এই ছবির প্রচারণা। সিনেমার বিষয়টা সত্যি ঘটনা থেকে নেওয়া, তাই এই ছবি নিয়ে সবার আগ্রহও বেশি। এই ছবির ট্রেলার আর গানগুলোও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। ‘সরবজিত’ ছবির গানগুলোতে সনু নিগম, সুনিধি চৌহান, সুখবিন্দর সিং এবং অরিজিত সিংয়ের মতো জনপ্রিয় সংগীত তারকারা কণ্ঠ দিয়েছেন। তবে খবর সেটি নয়। খবর হলো তাঁরা কেউই এই ছবিতে গান গাওয়ার জন্য কোন পারিশ্রমিক নেননি। মানবতা ও দায়িত্ববোধ থেকেই তাঁরা এ কাজটি করেছেন বলে জানিয়েছেন।
সরবজিত ছিলেন একজন ভারতীয় কৃষক। পাঞ্জাবের কাছে এক গ্রামে পরিবার নিয়ে থাকতেন তিনি। না বুঝে একদিন পাকিস্তান সীমান্ত পার হতে গিয়ে সে দেশের সৈন্যদের হাতে ধরা পড়েন। এরপর পাকিস্তান সরকার তাঁকে জেলখানায় বন্দি করে নির্যাতন করে। তাঁদের ধারণা ছিল, সরবজিত ভারতের কোন গুপ্তচর। এমনকি লাহোরে সন্ত্রাসী হামলার জন্যও তাঁকে দোষী হিসেবে সন্দেহ করা হয়। দীর্ঘ ২৩ বছর বন্দি দশায় কাটে তাঁর। ২০১৩ সালে পাকিস্তানের জেলেই মৃত্যু হয় সরবজিতের। সরবজিতের বোন দলবির কৌর তাঁর ভাইয়ের মৃত্যুর আগ পর্যন্ত তাঁর মুক্তির জন্য লড়াই করে গেছেন। সিনেমায় এই পরিবারের জীবনসংগ্রামের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দলবীরের চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন আর সরবজিত হয়েছেন বলিউড রনদীপ হুদা। বলিউড হাঙ্গামা