বিনয়ী অনুজ এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টুডিওতে সামিনা চৌধুরী ও স্বপ্নীল সজীব
স্টুডিওতে সামিনা চৌধুরী ও স্বপ্নীল সজীব

স্টুডিওটাই হয়ে গেল সজীবের শ্রেণিকক্ষ। সংগীত বা যে কোনো শিল্পকলায় শেখার কোনো স্থান-কাল থাকতে নেই। অগ্রজ শিল্পী সামিনা চৌধুরীর সঙ্গে গাইতে গিয়ে সজীবেরও এল সুযোগ। আবারও শেখা হলো, কীভাবে একটি গান হয়ে ওঠে সর্বাঙ্গসুন্দর। প্রিয় শিল্পীর সঙ্গে তিনি গেয়েছেন ‘ও আমার দেশের মাটি’ গানটি।
সম্প্রতি শেষ হয়েছে গানটির স্টুডিওর কাজ। রবীন্দ্রসংগীতের তরুণ শিল্পী সজীব জানিয়েছেন, কলকাতা থেকে গানটির মিক্সিং করিয়ে আনবেন প্রযোজক মুস্তফা খালিদ। সামিনা চৌধুরীর সঙ্গে গান করার অভিজ্ঞতাও জানালেন তিনি। ভারতের কলকাতা থেকে গতকাল মুঠোফোনে তিনি বলেন, ‘গানটির একটি লাইন গাইতে গিয়ে দেখলাম, আপুর চোখটা ছলছল করে উঠেছে। গানটিকে পরিপূর্ণতা দিতে ছোট ছোট ডেলিভারিগুলো কীভাবে দিতে হয়, আমি তাঁর থেকে শিখলাম। আমার পরম সৌভাগ্য যে, তাঁর মতো একজন বড় শিল্পীর সঙ্গে ডুয়েট করার সুযোগ পেয়েছি।’ বিনয়ী এ অনুজের কণ্ঠে আগের প্রজন্মের শিল্পীর জন্য এভাবেই শ্রদ্ধা ঝরে পরতে শোনা যায়।
তিনি জানালেন, আসছে স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন করে ‘ও আমার দেশের মাটি’ গানটির সংগীতায়োজন করা হয়েছে। ১ মার্চ থেকে ইউটিউব ও দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গানটি সম্প্রচার করা হবে। এভাবে আরও কিছু রবীন্দ্রসংগীত নতুন করে প্রকাশের উদ্যোগ নিয়েছে ডেলভিসতা ফাউন্ডেশন।
উল্লেখ্য, দিল্লি ও কলকাতায় পৌষ মেলার অনুষ্ঠানে যোগ দিতে ভারত গেছেন তরুণ এই শিল্পী। সেখানকার অনুষ্ঠানে তিনি ছাড়াও গাইবেন রূপঙ্কর, ইমন চক্রবর্তী, ঋদ্ধি ও দোহার ব্যান্ড।