বিবাবের গাড়ির ধাক্কায় ফটোসাংবাদিক

সময়টা খারাপই যাচ্ছে পপ তারকা জাস্টিন বিবারের। এই তো কদিন আগে চীনে তাঁর কনসার্ট নিষিদ্ধ করা হলো। শুধু তা-ই নয়, বিবারের আচরণ ভালো নয় বলে দোষ দিয়ে তাঁর অ্যালবাম বিক্রিতেও দেওয়া হলো নিষেধাজ্ঞা। বুধবার তো পড়ে গেলেন আরেক ফ্যাসাদে। একজন ফটোসাংবাদিককে ধাক্কা মেরে বসল বিবারের গাড়ি। সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বেভারলি হিলস পুলিশ।
যুক্তরাষ্ট্রের বেভারলি হিলস এলাকায় সাবান থিয়েটারে একটি অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠেন বিবার। গাড়িতে বসা অবস্থায় জনপ্রিয় এই পপ তারকাকে ক্যামেরাবন্দী করতে একদল ফটোসাংবাদিক ব্যস্ত হয়ে পড়েন। বিবার তখন সেখান থেকে গাড়ি চালিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। আর তখনই বিবারের গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন একজন ফটোসাংবাদিক। বিবার অমনি গাড়ি থেকে নেমে আহত সাংবাদিকের কাছে যান। আশপাশে থাকা মানুষদের সরে যেতে বলেন।
পুলিশ জানিয়েছে, অল্পের জন্য সাংবাদিক রক্ষা পেয়েছেন। দুর্ঘটনার পর জাস্টিন সেখানে ৮-১০ মিনিট অপেক্ষা করেন। গাড়ির চালক এ বিষয়ে কথা বলেন। জাস্টিন কিছুক্ষণ অপেক্ষা করেন এবং তদন্ত কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন।
জানা গেছে, আহত সাংবাদিক এখন মোটামুটি সুস্থ, বিপদ কাটিয়ে উঠেছেন। জাস্টিন পরে তাঁর এক বন্ধুর গাড়িতে করে চলে যান।