বিবারকে টপকে সেরা অরিজিৎ!

গানা ডটকমে ২০১৫ সালে কানাডিয়ান পপসংগীত তারকা জাস্টিন বিবারের গানের শ্রোতার সংখ্যা ছিল ১ কোটি আর সংগীতশিল্পী সেলেনা গোমেজের শ্রোতার সংখ্যা ছিল ৬০ লাখ। সেখানে অরিজিৎ সিংয়ের শ্রোতার সংখ্যা ছিল ১৭ কোটি ৮০ লাখ। যদিও বিবার সেরা হয়েছেন ইংরেজি গানের বিবেচনায়, কিন্তু সার্বিকভাবে শ্রোতার সংখ্যার হিসাবে বিবারকে টপকে সেরা হয়েছেন অরিজিৎ সিং।
‘গানা ডটকম’-এ ২০১৫ সালে কিংবদন্তি সংগীতশিল্পী লতা মুঙ্গেশকরের গান শুনেছেন ১২ কোটি শ্রোতা।
‘টাইমস ইন্টারনেটস মিউজিক ব্রডকাস্টিং সার্ভিস’-এর প্রতিষ্ঠান ‘গানা ডটকম’ ২০১৫ সালে ১৫ কোটি ঘণ্টাব্যাপী গান প্রচার করেছে ১৮০ কোটি বার।
এ বছর গানা ডটকমে প্রচারিত গানের ক্ষেত্রে রাজত্ব করেছে সব রোমান্টিক গান।
অরিজিৎ সিং তাঁর রোমান্টিক গান দিয়ে হৃদয় জিতে নিয়েছেন শ্রোতাদের। আর ইয়ো ইয়ো হানি সিং মনোরঞ্জন করেছেন তাঁর পার্টি-মাস্তি-হুল্লোড়ে ভরা গান দিয়ে। ইংরেজি গানে উইজ খালিফার গান ‘সি ইউ অ্যাগেইন’ দখল করেছে সেরার আসনটি। আর সেরা ইংরেজি গানের অ্যালবামের ক্ষেত্রে ‘ফিউরিয়াস-৭’ জিতেছে সেরা অ্যালবামের আসনটি।
হিন্দি গানের ক্ষেত্রে অঙ্কিত তিওয়ারির ‘তু হ্যায় কি নাহি’ গানটি সেরা গানের শিরোপা জিতেছে। আর ‘রয়’ ছবির গানের অ্যালবামটি পেয়েছে সেরা হিন্দি গানের অ্যালবামের স্বীকৃতি। টিএনএন।