বিবারের 'খোলামেলা' ফেরা

আড়ি নিয়েছিলেন গত আগস্টে। তখনই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেন জাস্টিন বিবার। অবশেষে প্রায় ছয় মাস পর আবারও ছবি শেয়ারের এই সামাজিক মাধ্যমে ফিরলেন সংগীত তারকা। পরশু ডজনখানেক ছবি দিয়েই ইনস্টাগ্রামে নিজের ফেরার ঘোষণা দেন বিবার।
সাবেক প্রেমিকা সেলেনা গোমেজের সঙ্গে সম্পর্কের তিক্ততার রেশ ধরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দিয়েছিলেন বিবার। তাঁর ভক্তদের জন্য এটা হতাশার ছিল; বিশেষ করে নারী ভক্তদের। গত নভেম্বরে বিবার মন্তব্য করেন, ‘ইনস্টাগ্রাম শুধু শয়তান লোকদের জন্য।’
সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর বিবারের এই ক্ষোভ অনেককেই অবাক করেছিল। এমনই এক মাধ্যম তো তাঁকে তারকা বানিয়েছে। ইউটিউবের সূত্র ধরেই এত কম বয়সে তারকা হয়ে উঠেছেন তিনি।
এর মধ্যে গত ছয় মাসে বিবার শুধু একটি বিজ্ঞাপনের পোস্ট দিয়েছিলেন। এরপর পরশু প্রথম পোস্ট আসে, তাঁর নতুন সফরসূচির। তখনো বোঝা যায়নি, এটি ছিল বিবারের ‘মাইক্রোফোন টেস্টিং’ ধরনের পোস্ট। এরপর একে একে নিজের বেশ কটি ছবি পোস্ট করেন তিনি। সেগুলোর একটি স্বাভাবিকভাবেই আদুল গায়ের খোলামেলা ছবি। ভক্তদের লাইক ও কমেন্টের বাহার দেখে বোঝাই যাচ্ছে, বিবারকে ফিরে পেয়ে তারা কত খুশি। ইয়াহু