বিবি কিংয়ের মৃত্যু নিয়ে রহস্য!

‘কিং অব দ্য ব্লুজ’খ্যাত গিটারবাদক, গায়ক ও গীতিকার বিবি কিং মারা গেছেন ১৪ মে। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। এত দিন চুপ থাকলেও, সম্প্রতি তাঁর দুই মেয়ে পেটি কিং ও ক্যারেন উইলিয়ামস দাবি করেছেন, বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে বিবি কিংকে।
বিবি কিংয়ের ব্যক্তিগত সহকারী জনসন ও ব্যবস্থাপক টনির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পেটি ও ক্যারেন। তাঁদের দাবি, চিকিৎসা সনদ না থাকলেও বিবি কিংকে ওষুধ খাওয়াতেন জনসন ও টনি। ফ্লুইড এবং অবৈধ বিদেশি ওষুধও প্রয়োগ করতেন তাঁরা। শুধু তাই নয়, সেগুলো তালাবদ্ধ করে রাখতেন তাঁরা। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে সিএনএন।
অবশ্য বিবি কিংয়ের প্রাথমিক ময়নাতদন্তের ফলাফলে পেটি ও ক্যারেনের দাবির সত্যতা পাওয়া যায়নি বলেই জানিয়েছেন ময়নাতদন্তকারী জন ফুডেনবার্গ। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘প্রাথমিক ময়নাতদন্তের ফলাফলে বিষপ্রয়োগের কোনো আলামত পাওয়া যায়নি। তবে পূর্ণাঙ্গ ফরেনসিক রিপোর্ট পেতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে।’
এদিকে টনির একজন আইনজীবী দাবি করেছেন, টনির কাছে টাকা চেয়ে না পাওয়ার জন্যই এমন মিথ্যা অভিযোগ তুলেছেন পেটি কিং ও ক্যারেন উইলিয়ামস। কিন্তু সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে পেটি কিংয়ের আইনজীবী টনির আইনজীবীর এই দাবিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। সব মিলিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে বিশ্বখ্যাত গিটারবাদক বিবি কিংয়ের মৃত্যু নিয়ে।
১৯২৫ সালের ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বিবি কিংয়ের জন্ম। চল্লিশের দশকে শুরু হয় তাঁর সংগীত জীবন। ১৯৪৯ সালে লস অ্যাঞ্জেলেসভিত্তিক আরপিএম রেকর্ডসের মধ্য দিয়ে তাঁর সংগীতের ক্যারিয়ার শুরু হয়। ‘দ্য থ্রিল ইজ গন’ গানের জন্য ১৯৭০ সালে বিবি কিং প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ড অর্জন করেন। সংগীতের পুরো ক্যারিয়ারে ৩০বার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পান তিনি। এর মধ্যে ১৫বারই গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নেন বিবি কিং। ‘ওয়ান কাইন্ড ফেবার’ অ্যালবামের জন্য ২০০৯ সালে বিবি কিং তাঁর ১৫তম গ্র্যামি জেতেন। বিবি কিংয়ের জীবনের বেশির ভাগ সময়ই কেটেছে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি শতাধিক কনসার্টে অংশ নিয়েছেন।
রোলিং স্টোন ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের সর্বকালের সেরা ১০০ গিটারবাদকের মধ্যে তাঁর অবস্থান ছিল তৃতীয়। তাঁর আগের অবস্থানে ছিলেন জিমি হেনড্রিক্স ও ডুয়ান অলম্যান। অন্যদিকে ২০০৯ সালে টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের সেরা ১০ ইলেকট্রিক গিটারবাদকের তালিকাতেও তিন নম্বরে ছিলেন বিবি কিং।