বিমান দুর্ঘটনায় নিহত জেমস হর্নার

‘টাইটানিক’ ছবির সংগীত পরিচালক জেমস হর্নার এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে ছোট একটি বিমান চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন অস্কারজয়ী এ সংগীত পরিচালক। যুক্তরাষ্ট্রের সান্তা বারবারা থেকে ৬০ মাইল দূরে প্রত্যন্ত অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হলে নিহত হন জেমস। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।
জেমসের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর সহকারী সিলভিয়া। এ প্রসঙ্গে এক ফেসবুক বার্তায় সিলভিয়া লিখেছেন, ‘আমরা বিশাল হৃদয়ের অবিশ্বাস্য প্রতিভাবান ও চমৎকার একজন মানুষকে হারিয়ে ফেলেছি। যে কাজটি করতে তিনি ভালোবাসতেন তা করতে গিয়েই তিনি মারা গেছেন।’ এক খবরে এমনটিই জানিয়েছে বিবিসি অনলাইন।
জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ ছবির সংগীত পরিচালনা করে দুটি অস্কার ঘরে তুলেছিলেন জেমস হর্নার। ‘টাইটানিক’ ছবির তুমুল জনপ্রিয় ‘মাই হার্ট উইল গো অন’ গানের জন্য অরিজিনাল সং বিভাগে অস্কার পান তিনি। পাশাপাশি অরিজিনাল ড্রামাটিক স্কোর বিভাগেও অস্কার দেওয়া হয় তাঁকে। জেমস ক্যামেরনের ‘অ্যালিয়েনস’ (১৯৮৬) ও ‘অ্যাভাটার’ ছবির সংগীত পরিচালনাও করেছিলেন জেমস হর্নার। দুটি ছবিই তাঁকে এনে দিয়েছিল অস্কার মনোনয়ন। জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ ছবির দুটি সিক্যুয়েলেরও সংগীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
এ ছাড়া ‘ব্রেভহার্ট’, ‘এ বিউটিফুল মাইন্ড’, ‘অ্যাপোলো থার্টিন’, ‘স্টার ট্রেক টু: দ্য র্যাথ অব খান’, ‘স্টার ট্রেক থ্রি: দ্য সার্চ ফর স্পোক’, ‘জুমানজি’, ‘ট্রয়’, ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’সহ অসংখ্য ছবির সংগীত পরিচালনা করেছেন গুণী এ সংগীত পরিচালক। কাজের স্বীকৃতি হিসেবে অস্কার ছাড়াও বাফটা, গোল্ডেন গ্লোবের মতো মর্যাদাপূর্ণ পুরস্কার ঘরে তুলেছেন জেমস হর্নার।