বিমানবন্দরে বিপত্তি!

বেশ একটা গোল বেঁধেছিল রাহাত ফতেহ আলী খানকে নিয়ে, ভারতের হায়দারাবাদের রাজীব গান্ধী বিমানবন্দরে। ১ জানুয়ারি নববর্ষ পালন উপলক্ষে হায়দারাবাদের এক হোটেলে জনপ্রিয় এই পাকিস্তানি সংগীতশিল্পীর অনুষ্ঠান করার কথা ছিল। তাই তিনি আবুধাবি থেকে সোজা চলে এসেছিলেন হায়দারাবাদে। কিন্তু বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা আটকে দিয়েছিল তাঁকে। এই সংগীতশিল্পীকে তাঁরা জানিয়েছিলেন যে, এ পথে ভারত পা রাখা যাবে না।
কিন্তু ব্যাপারটা আসলে কী ঘটেছিল? ব্যাপারটা তেমন কিছুই নয়, কোনো পাকিস্তানি নাগরিক যদি ভারতে আসেন, তাহলে শুধু দিল্লি ও মুম্বাই বিমানবন্দর দিয়েই তাঁদের ভারতে ঢুকতে হবে। তাতে পাকিস্তান থেকে কারা এলেন, এর একটা হিসাব রাখতে সুবিধা হয়। আর এটাই ভারতের ইমিগ্রেশন আইনে রয়েছে।
অগত্যা আবারও ফিরতি বিমানে আবুধাবি ফিরতে হলো রাহাত ফতেহ আলী খানকে। সেখান থেকে আবারও ধরতে হলো দিল্লির ফ্লাইট। দিল্লি থেকে হায়দারাবাদে গিয়ে এরপর সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন রাহাত।
রাহাত ফতেহ আলী খান বলেছেন, ‘ইমিগ্রেশন কর্তৃপক্ষ কোনো ভুল করেনি, আমিও করিনি। ভুল যা করার করেছে বিমান কর্তৃপক্ষ। তাঁদের তো জানা উচিত ছিল ভারতের এই ইমিগ্রেশন আইন!
সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান ভারতে দারুণ জনপ্রিয়। ‘মান কি লাগান’, জিয়া ধাড়াক ধাড়াক’, ‘বোল না হালকে হালকে’, ‘দাগাবাজরে’— তাঁর এমন অনেক গান ভারতে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। টাইমস অব ইন্ডিয়া।