বিলবোর্ডে ভালোবাসা

ভালো যদি বাসেনই, লুকোছাপা কিসের? শহরের সবচেয়ে ব্যস্ততম মোড়ে, ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে সব থমকে দিয়ে চিত্কার করে বলুন, ‘শোনো পৃথিবীবাসী, আমি অমুককে ভালোবাসি!’ অতটা নাটুকেপনা না হলেও ড্রেক কিন্তু তেমনই কিছু একটা করেছেন, যাতে ইঙ্গিত আছে রিয়ানার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনটাকে স্বীকার করে নেওয়ার। বিশাল এক বিলবোর্ড ভাড়া করে ড্রেক রিয়ানাকে অভিনন্দন জানিয়েছেন ভিডিও ভ্যানগার্ড পুরস্কার জেতায়।

লস অ্যাঞ্জেলেসের রাস্তার ধারের সেই বিলবোর্ডজুড়ে একটাই বাক্য: ‘ড্রেকের পক্ষ থেকে রিয়ানাকে অভিনন্দন, বাকিদেরও।’ রিয়ানা যে এতে মুগ্ধ হয়েছেন, সেটা বেশ বোঝা যায়। সেই বিলবোর্ডের ছবি তিনিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ‘যখন যে আবেগের চূড়ান্ত করেছে’ ক্যাপশন লেখার পাশাপাশি একটা লাল হার্ট ও ট্রফির ইমো দিয়েছেন। তার মানে হয়তো হয়, তুমি আমার হৃদয় জিতেছ!
আট-নয় মাস ধরেই এই দুই সংগীতশিল্পী প্রেম করছেন। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি কেউই। পিপল।