বিলিয়নিয়ার শাকিরা

শাকিরা, নামের পাশে ১০০ কোটি! না, আয়ে নয়, ডলারের অঙ্কে নয়; শাকিরা বিলিয়নিয়ার হয়ে গেলেন ইউটিউবে। ২০১০ বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ওয়াকা ওয়াকা’ গেয়েছিলেন। সেই বছরের ৪ জুন ছাড়া হয়েছিল ভিডিওটি। অবশেষে সেই ভিডিও ইউটিউবে দেখা হলো ১০০ কোটি বার। এর আগে ইউটিউবের কোটি কোটি ভিডিও থেকে মাত্র ১৯টি ভিডিওর কপালে ‘বিলিয়নিয়ার’ তকমা জুটেছিল।
ইউটিউবে ১০০ কোটি বার দেখা ভিডিওগুলোর সবই গান। তবে এর মধ্যে লাতিন শিল্পী মাত্র তিনজন। শাকিরার আগে এই অর্জন ছিল ব্রুনো মার্সের ‘আপটাউন ফাঙ্ক’ আর এনরিকে ইগলেসিয়াসের ‘বাইলান্ডো’র। স্বাভাবিকভাবেই কলম্বিয়ান এই পপশিল্পী উচ্ছ্বসিত, ‘ওয়াও! ওয়াকা ওয়াকার এখন এক বিলিয়নের বেশি ভিউ! এই গান আর এর ভিডিও আমার জীবনটাই বদলে দিয়েছে!’
শাকিরার দ্বিতীয় বাক্যটি সম্ভবত জেরার্ড পিকের উদ্দেশে। ২০১০ সালে ‘ওয়াকা ওয়াকা’র মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়েই বার্সেলোনার ফুটবল তারকা পিকের সঙ্গে পরিচয় হয় শাকিরার। পরিচয় থেকে প্রণয়। আন্তোনিও দে লা রুয়ার সঙ্গে ১১ বছরের সম্পর্কের ইতি টেনে দেন শাকিরা। চলে আসেন বার্সেলোনায়। এই জুটির দুটি ছেলেও আছে—মিলান ও সাশা। ওয়াকা ওয়াকা সত্যিই বদলে দিয়েছে শাকিরার জীবন! টুইটার।