
২৪ সেপ্টেম্বর লন্ডনে আমার শো ছিল। তাই এবার লন্ডনে এসে হক ভাইয়ের খোঁজ নিতেই শুনি, তিনি দেশে ফিরে গেছেন। তাঁর ভাগনি নাতাশা জানায়, দেশে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন। ও আমাকে বলেছিল যে তার মামার অবস্থা খুব একটা ভালো না। কিন্তু এতটা খারাপ ভাবিনি। নিয়মিত নাতাশার মাধ্যমেই সব খবর পেতাম। সে-ই জানাল তাঁর হঠাৎ চলে যাওয়ার খবরটি। শুনেই মনটা খারাপ হয়ে যায়। কারণ, মাস দুয়েক আগে যখন তাঁকে দেখতে গিয়েছিলাম আলমগীর সাহেব আর আমি, তখন তিনি নর্থ লন্ডনে। আমার মেয়ে তানির বাড়ির কাছেই থাকতেন। সেদিন তাঁর উচ্ছ্বাস দেখে মনেই হয়নি যে তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন। খুব মনে পড়ছে, সেদিন তিনি আমাদের দেখে বলে উঠলেন, ‘মনের আকাশে কিছুটা মেঘ জমেছিল। তোমরা আসাতে একপশলা বৃষ্টি হলো। তারপর সেই মেঘ কেটে গেল।’ সেদিন দুই ঘণ্টা ছিলাম আমরা। আমাদের আড্ডায় তাঁর স্ত্রী আনোয়ারা সৈয়দ হকও উপস্থিত ছিলেন। দীর্ঘ আড্ডায় আমার গাওয়া গান আর আলমগীর সাহেবের ছবি নিয়েই ছিল স্মৃতিচারণা। হক ভাই ইউটিউব থেকে ডাউনলোড করে তাঁর লেখা, আলম খানের সুরে বড় ভালো লোক ছিল ছবির আমার গাওয়া ‘পাগল পাগল মানুষগুলা, পাগল সারা দুনিয়া’ গানটি শুনিয়ে খুব মজা করলেন। সেদিন আমরা একসঙ্গে খেলাম। চলে যাওয়ার সময় বললেন, ‘নিশ্চয়ই সুস্থ হলে আবার কোনো একদিন দেখা হবে।’ কিন্তু জানি সেটা আর হবে না। দেশে এমনিতে বিভিন্ন অনুষ্ঠানে গেলে তাঁর সঙ্গে দেখা হতো। সেটি বেশ অনিয়মিত। তবে মনে পড়ছে, বেশ কয়েক বছর আগে আলমগীর সাহেব আর আমাকে নিয়ে বিশেষ একটি অনুষ্ঠান নির্মাণ করেছিল চ্যানেল আই। সেই অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন সৈয়দ শামসুল হক। আমি তাঁর লেখা বেশ কয়েকটি গান করেছি। তবে তাঁর লেখা যে গানটি সবচেয়ে বেশি জনপ্রিয়, সেটি ছিল আশীর্বাদ ছবির ‘চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা’। সুর করেছিলেন আলম খান। আমার সঙ্গে গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর। ইচ্ছে ছিল দেশে ফিরে তাঁকে দেখতে যাব, সেটা আর হলো না। সৈয়দ শামসুল হক চলে গেলেন, এটা আমাদের দেশের জন্য বিশাল ক্ষতি হয়ে গেল।