বিড়ালে ভরা ক্যাফেতে অ্যাডেল!

কানাডার ভ্যাঙ্কুভারে ‘ক্যাটফে’ নামে একটি ক্যাফে আছে। সেখানকার বিশেষত্ব হলো, ভালো খাবার পরিবেশনের পাশাপাশি সেখানে আপনাকে সঙ্গ দেবে অনেক অনেক বিড়াল। সেই বিড়ালগুলোর সঙ্গেই সম্প্রতি এক বিকেল কাটালেন সংগীততারকা অ্যাডেল। তিন বছর বয়সী ছেলে অ্যাঙ্গেলোকে নিয়ে তিনি সেই ক্যাফেতে যান। মা-ছেলে মিলে সময় কাটান বিড়ালের সঙ্গে।
‘ক্যাটফে’ নামের ওই ক্যাফে ভ্যাঙ্কুভারে তাদের বিড়াল-কাণ্ডের জন্য দারুণ জনপ্রিয়। সেখানে থাকা বিড়ালগুলোকে ক্রেতারা চাইলে দত্তকও নিতে পারেন। অ্যাডেলের ছেলে অ্যাঙ্গেলো নাকি বিড়ালের সঙ্গে খেলতে দারুণ পছন্দ করে। তাই ‘হ্যালো’ তারকা তাকে নিয়ে যান ওই ক্যাফেতে।
গত মঙ্গলবার যখন অ্যাডেল ওই ক্যাফেতে যান, তখন সেখানে ১২ বছর বয়সী এক মেয়ের জন্মদিনের পার্টি চলছিল। তাই প্রথমে অ্যাডেলকে চিনতে না পেরে সেখানকার কর্তৃপক্ষ তাঁকে ক্যাফেতে ঢুকতে বাধা দেয়। পরে যখন তারা বুঝতে পারে, তাদের অতিথি হয়ে আর কেউ নন, বিশ্বখ্যাত তারকা অ্যাডেল এসেছেন, তখন তাঁকে স্বাগত জানিয়ে ক্যাফেতে নিয়ে বসানো হয়। ১২ বছরের সেই মেয়ের জন্মদিনের পার্টি অ্যাডেলের ঘরোয়া এক কনসার্টে রূপ নেয়।
কিন্তু নিরাপত্তা ও অ্যাডেলের কিছু পূর্ব-প্রতিশ্রুতির কারণে ওই ক্যাফেতে তিনি কারও সঙ্গে ছবি তোলেননি। তবে ‘ক্যাটফে’ তাদের অফিসিয়াল টুইটার পেজ থেকে এ বিষয়ে যখন পোস্ট করে, তখন তা অ্যাডেল–ভক্তদের মধ্যে আলোড়ন তৈরি করে।
ওই ক্যাফেতে নাকি অ্যাডেল ও তাঁর ছেলে বেশ কিছুক্ষণ ‘ল্যারি’ নামের ধূসর রঙের এক বিড়াল নিয়ে খেলা করেছিলেন। এ খবরটি যখন ‘ক্যাটফে’র পেজ থেকে জানানো হয়, তখন নাকি ক্যাফের বাইরে ‘ল্যারি’কে দত্তক নিতে আগ্রহী ব্যক্তিদের লাইন লেগে যায়। নিউইয়র্ক ডেইলি নিউজ।