বিয়ন্সকে বয়কট!

মার্কিন মুলুকের অধিকাংশ পুলিশকে যেন রীতিমতো চটিয়ে দিয়েছেন সংগীতশিল্পী বিয়ন্স নোলস। এ মাসের শুরুর দিকে সুপার বোওল ৫০ আসরে উগ্রপন্থী দল ‘ব্ল্যাক প্যান্থার’ প্রভাবিত তাঁর পরিবেশনাই সম্ভবত এ ক্ষেত্রে দায়ী।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিয়ামির পুলিশ ইউনিয়ন জানিয়েছে, তারা এপ্রিলের ২৬ তারিখে অনুষ্ঠেয় মিয়ামির মারলিন’স স্টেডিয়ামে এই গায়িকার অনুষ্ঠানটি বয়কট করবে।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত ‘ব্ল্যাক প্যান্থার’ দলটি মার্কিন সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে তাদের রক্ষায় এক ধরনের উগ্রপন্থী আচরণ করে থাকে। এ ছাড়া সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ‘ব্ল্যাক প্যান্থার’ দলটি নানা ধরনের গণসমাবেশ ও অনুষ্ঠানেরও আয়োজন করে থাকে।
মিয়ামি ফেডারেল অর্ডার অব পুলিশের প্রেসিডেন্ট জেভিয়ের অরটিজ বিয়ন্সকে বয়কটের এই বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছেন।
অরটিজ অভিযোগ করেছেন, সংগীতশিল্পী বিয়ন্স নোলস তাঁর ‘ফরমেশন’ সংগীতটি পরিবেশনার মাধ্যমে পুলিশবিরোধী প্রচারণা চালিয়েছেন, পাশাপাশি তিনি ‘ব্ল্যাক প্যান্থার’ দলটির প্রতি সমর্থন জানানোর পরিপ্রেক্ষিতে মার্কিন জনগণকে বিভক্ত করারও চেষ্টা করছেন।
পুলিশ বিভাগ ছাড়াও যুক্তরাষ্ট্রের অন্য বিভাগগুলোর প্রতিও অরটিজ অনুরোধ করেছেন তারা যাতে এই গায়িকাকে বয়কট করে। তিনি মার্কিন মুলুকের আইনশৃঙ্খলা রক্ষাকারী অপরাপর বিভাগের সদস্যদের প্রতিও অনুরোধ জানিয়েছেন, যাতে তাঁরা এই গায়িকার সমস্ত গানের অনুষ্ঠান বয়কট করেন।
অবশ্য সুপার বোওলের আসরে বিয়ন্স নোলসের পরিবেশনার কারণে শুধু পুলিশ বিভাগের সদস্যরাই ক্ষুব্ধ হননি, পাশাপাশি আরও অনেকেই এই গায়িকার পরিবেশনায় রুষ্ট হয়েছেন। এর মধ্যে আছেন নিউইয়র্কের সাবেক মেয়র রুডি গিলিয়ানি। রুডি বিয়ন্সের এই পরিবেশনাকে ‘পুলিশের ওপর আক্রমণ’ বলে অভিহিত করেছেন। ইন্দো-এশিয়ান নিউজ।