বিয়ন্সের কি যমজ ছেলে হবে?
অনেকেই ভাবতে পারেন, এ খবর নিয়েও এত মাতামাতি? ঘটনাটা ওই প্রবাদটির মতো—যার বিয়ে তার খবর নাই, পাড়া-পড়শির ঘুম নাই! মুখ ফুটে কেউ কিছু বললেন না, কিন্তু বিশ্ব গণমাধ্যম নিজে থেকে সব বুঝে নিয়ে হইহুল্লোড় শুরু করে দিয়েছে। ছবি প্রকাশের ওয়েবসাইট ইনস্টাগ্রামে দেওয়া বিয়ন্সের একটি ছবি দেখেই সবাই ধরে নিয়েছে সন্তানসম্ভবা এ গায়িকার যমজ ছেলে হবে।

সম্প্রতি বিয়ন্স কালো পোশাকে একটি ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে। তাতে কোনো ক্যাপশন লেখেননি তিনি। তবে কানে সেই দুল জোড়াই দেখা যায়, যেগুলো তিনি পরেছিলেন তাঁর ‘ইফ আই ওয়্যার আ বয়’ গানের ভিডিওচিত্রে। আর তাঁর ওই কানের দুল দেখেই বিয়ন্স-ভক্তরা এখন উত্তেজনায় ফেটে পড়ছেন! সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় সবাই বলাবলি করছে, তাহলে এই পুরোনো কানের দুল নতুন করে পরে কি ইংগিত দিচ্ছেন বিয়ন্স? এর মানে কি তবে, যমজ পুত্র সন্তানের মা হতে চলছেন ‘ইফ আই ওয়্যার আ বয়’ গানের গায়িকা? কারণ গানটির শিরোনামে থাকা ‘বয়’ (ছেলে) শব্দটিকে নাকি বড্ড ইংগিতপূর্ণ মনে হচ্ছে সবার।
এত হুল্লোড় চারদিকে, তবে বিয়ন্স ও তাঁর স্বামী জে জি নিশ্চুপ। এখনও কেউ কোনো রা করছেন না। এই দম্পতির সংসারে ব্লু আইভি নামে এক কন্যা সন্তান আছে। আগামী মে মাসেই বিয়ন্স-জে জির সংসারে নতুন অতিথি আসার সম্ভাবনা রয়েছে। দ্য সান।