বিয়ে করলেন ‘তুমি যাকে ভালোবাসো’র ইমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলাঞ্জন ঘোষ ও ইমন চক্রবর্তী। ছবি : সংগৃহীত

দুই বাংলায় দারুণ জনপ্রিয়তা পায় ‘প্রাক্তন’ ছবির ‘তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো’ গানটি। গানটির নারীকণ্ঠ কলকাতার ইমন চক্রবর্তী বিয়ে করেছেন। আজ রোববার প্রেমিক নীলাঞ্জন ঘোষ ও ইমন চক্রবর্তী বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের আগের আলোকচিত্রে নীলাঞ্জন ঘোষ ও ইমন চক্রবর্তী। ছবি : সংগৃহীত

ইমন-নীলাঞ্জনের অনেক দিনের প্রেম। কিছুদিন অগোচরে থাকার পর সেই প্রেম আসে প্রকাশ্যে। গত বছরের পূজার তৃতীয়ায় বাগদান সারেন তাঁরা। আজ সকালে ঘরোয়া আয়োজনে ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনদের উপস্থিতিতে মালা বদল করে বিয়ে নিবন্ধন করেন তাঁরা। এদিন ইমন পরেছিলেন জরির কাজ করা কমলা রঙের সিল্কের শাড়ি আর সোনার গয়না এবং নীলাঞ্জন সাদা পাঞ্জাবি-পায়জামা। আগামী ২ ফেব্রুয়ারি ঘটা করে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তাঁরা। সে সময় আরও বড় পরিসরে থাকবে আয়োজন। একই দিনে হবে বিয়ে ও বৌভাতের অনুষ্ঠান। ইমনের প্রেমিক থেকে বর হওয়া নীলাঞ্জন পেশায় সুরকার ও সংগীত পরিচালক।

ঘটা করে বিয়ের আগে ঘটা করে ছবি তুলেছেন নীলাঞ্জন ঘোষ ও ইমন চক্রবর্তী। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি পোস্ট করে ইমন লিখেছেন, ‘সদ্য বিবাহিত’। তাঁদের বিয়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে বয়ে যাচ্ছে শুভেচ্ছার বন্যা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতক-স্নাতকোত্তর। পড়াশোনা পুরোপুরি সংগীত নিয়ে। ক্ল্যাসিক্যাল, রবীন্দ্রসংগীত ও লোকগানের চর্চা করে আসছেন শুরু থেকেই। ছোটবেলায় মা তৃষ্ণা চক্রবর্তীর কাছে গানের হাতেখড়ি তাঁর। বড় হয়েছেন পশ্চিমবঙ্গে। ইমনের শিকড় বাংলাদেশে। তাঁর ঠাকুরদা কুমিল্লার মানুষ, দেশভাগের সময় তাঁরা চলে যান পশ্চিমবঙ্গে।

সারেগামাপার সেটে ইমন চক্রবর্তী। ছবি : ইনস্টাগ্রাম

চলচ্চিত্রের গানের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইমন চক্রবর্তী। সংগীতের ক্যারিয়ারে ইমন-নীলাঞ্জন দুজনই ভীষণ ব্যস্ত সময় পার করছিলেন। বর্তমানে গানের পাশাপাশি ভারতীয় বাংলা টেলিভিশন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’র অন্যতম বিচারকের দায়িত্ব পালন করছেন ইমন চক্রবর্তী।