বুয়েট ক্যাম্পাসে গাইবেন জেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস
জেমস

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কাল বুধবার রাতে গান করবেন সংগীতশিল্পী জেমস। বুয়েটের ১০ম ব্যাচের ‘র‌্যাগ ডে’ উপলক্ষে বুয়েট ক্যাম্পাসে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। জেমস মঞ্চে উঠবেন রাত নয়টায়। সঙ্গে থাকবে তাঁর ব্যান্ড ‘নগর বাউল’।

জেমসের ব্যবস্থাপক রবিন ঠাকুর জানিয়েছেন, দুই ঘণ্টার এই কনসার্টে জেমস তাঁর জনপ্রিয় গানগুলো করবেন। তবে সচরাচর গাওয়া হয় না, এমন কিছু গানও করবেন তিনি। যেমন ‘জিকির’, ‘তুমি লুটপাট হয়ে যাবে’, ‘আমি এক নগর বাউল’, ‘তুমি যদি নদী হও’।

এদিকে, এ বছরের শেষ দিনটি জেমস উদ্‌যাপন করবেন কক্সবাজারে। বাংলাদেশ পর্যটন করপোরেশন ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি কক্সবাজারে আয়োজন করেছে এক পর্যটন মেলার। এ মেলায় পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাবেন জেমস।

এ প্রসঙ্গে রবিন ঠাকুর জানিয়েছেন, লাবনী পয়েন্টে আয়োজিত কনসার্টে থার্টি ফার্স্ট নাইটে কাউন্ট ডাউন করবেন জেমস। আর সঙ্গে থাকছে তাঁর গান।