বৃষ্টির দিন, বৃষ্টির গান

‘আপনারা দুই বা তিন আঙুলে হাততালি দেন।’ গানের দল ‘জলের গান’-এর রাহুল আনন্দের এই আহ্বানে সাড়া দিলেন শ্রোতারাও। গান শুরু হলো ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এল বান/ বানের জলে ভাসল দুপুর, ভাসল আমার গান।’ আর দর্শকদের সেই দুই বা তিন আঙুলের হাততালির শব্দে যেন নেমে এল বৃষ্টি!
‘আষাঢ়স্য প্রথম দিবস’ আসতে দুই দিন বাকি। তার আগেই গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেড ও ওয়াটার এইড গতকাল শুক্রবার আয়োজন করল দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘এই বরষায়’।
আয়োজন বাংলা একাডেমি প্রাঙ্গণে। গান হচ্ছিল সেখানেই।
জলের গানের পর মঞ্চে এলেন বাপ্পা মজুমদার। গাইলেন ‘বৃষ্টি পড়ে অঝোর ধারায়’। হাসান আবিদুর রেজা জুয়েল গাইলেন ‘এই মেঘলা দিনে একলা’ গানটি। এরপর গাওয়ার কথা ছিল তপু, স্বাগতা, সন্ধি, সভ্যতা, মিনার রহমান, শাহেদ এবং গানের দল চিরকুট, গাছ ও সমুদ্রের।
দিনভর আয়োজনে গান ছাড়াও ছিল নাটক, পাপেট শো, কবিতা, আলোকচিত্র প্রদর্শনী, ছবি আঁকা ও কাবাডি প্রতিযোগিতা।
বিকেলে এক অনুষ্ঠানে কবিতা, গল্প, ছবি, কাবাডিবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কবি আসাদ চৌধুরী।