বৃষ্টিস্নাত সন্ধ্যা পুরাতনী গানে

বৃষ্টিতে তখন সয়লাব ধানমন্ডির সড়কগুলো। পুরোনো দিনের গান শোনানো হবে জেনে, গা ভেজার আগেই হাজির হয়েছিলেন গানপ্রেমী শ্রোতারা। পুরনো দিনের গানের এমন আসরে বৃষ্টিস্নাত আবহাওয়া অন্য এক আবেদন যোগ করল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে ছিল পঞ্চগীতি ও পুরাতনী বাংলা গানের আসর। বাংলা গান নিয়ে নিয়মিত ‘প্রাণের খেলা’ নামে এ আসর করে আসছে প্রতিষ্ঠানটি। এবারের আসরে গান শোনালেন শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান ও মফিজুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনার ফাঁকে বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী জানালেন বৈশাখে তাঁদের বিশেষ গানের আয়োজনের কথা। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে পাঁচ দিনের একটি আসর করবেন তাঁরা। সন্ধ্যা থেকে রাত অবদি তাতে রবীন্দ্রনাথ, নজরুল, তিন কবির গান, রাগাশ্রয়ী আধুনিক বাংলা গান ও শাস্ত্রীয় সংগীত ছাড়াও শিশুদের জন্য থাকবে গান ও পুতুল নাচের একটি দিন।