বেগম আখতার সংগীত উৎসবে দেশের দুই শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিল কুমার সাহা ও প্রিয়াঙ্কা গোপ
অনিল কুমার সাহা ও প্রিয়াঙ্কা গোপ

হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের বরেণ্য শিল্পী বেগম আখতারের জন্মশতবর্ষ উপলক্ষে ভারতের নয়াদিল্লির আজাদ ভবনের আইসিসিআর মিলনায়তনে শুরু হয়েছে বেগম আখতার আন্তর্জাতিক সংগীত উৎসব। ৭ অক্টোবর ছিল হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতে উপমহাদেশের বরেণ্য কণ্ঠশিল্পী বেগম আখতারের জন্মদিন।

এ উৎসবে অংশ নিয়েছেন ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের আমন্ত্রিত কণ্ঠশিল্পীরা। বাংলাদেশ থেকে উৎসবে অংশ নিচ্ছেন অনিল কুমার সাহা ও প্রিয়াঙ্কা গোপ। ভারত থেকে বিদুষী রীতা গাঙ্গুলী, বিদুষী শান্তি হীরানন্দ এবং সুনন্দা শর্মা আর পাকিস্তান থেকে ওস্তাদ নাসিরউদ্দিন সামি। ১০ থেকে ১২ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস।

বেগম আখতার আন্তর্জাতিক সংগীত উৎসবে আজ শনিবার গান গেয়েছেন প্রিয়াঙ্কা গোপ। নয়াদিল্লি থেকে প্রিয়াঙ্কা জানিয়েছেন, এ উৎসবে ঘণ্টা দুয়েক গান করার জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছিলেন তিনি।
প্রিয়াঙ্কার পরিবেশনায় ছিল ঠুমরি, তারানা, খেয়াল আর বেগম আখতারের গজল। অনিল কুমার সাহা গান করবেন কাল।