বেঙ্গল ক্যাফেতে বিষ্ণুপুর ঘরানার সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়
পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়

শাস্ত্রীয় সংগীতের প্রচলিত যে পনেরটি ঘরানা আছে, সেগুলোর মধ্যে নেই বিষ্ণুপুর ঘরানা। বলা হয়, শাস্ত্রীয় সংগীতের এটি বিলুপ্তপ্রায় একটি ঘরানা। কাল সোমবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে শোনা যাবে এই ঘরানার সংগীত। গাইবেন বিষ্ণুপুর ঘরানার গুরু সংগীতাচার্য পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীত সাধনার বিশিষ্ট ধারা বিষ্ণুপুর ঘরানার গুরু সংগীতাচার্য পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়কে সম্মাননা জানানো হবে কালকের এই আয়োজনে। এ অনুষ্ঠানেই মোড়ক খোলা হবে এই সংগীতগুরুর কণ্ঠে ধারণকৃত রাগ সংগীতের একটি অ্যালবামের। ‘টোয়াইলাইট রাগাজ’ নামের এ অ্যালবামটির মোড়ক খুলবেন সংগীতজ্ঞ ড. করুণাময় গোস্বামী।

পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় ১৯২৭ সালে এক সংগীতপ্রেমী পরিবারে জন্ম নেন। তিনি বিষ্ণুপুর ঘরানার অনুসারী সংগীতাচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্তান ও শিষ্য। সুদীর্ঘ জীবনে তিনি বহু হিন্দুস্থানী সংগীত পরিবেশন এবং এ নিয়ে প্রচুর বক্তৃতা দিয়েছেন। তাঁর ভরাট কণ্ঠে রাগের সৃজনশীল বিস্তার, তানের অতুলনীয় শুদ্ধতা এবং ছন্দ সম্পর্কে ধারণার ভিত্তি, সংগীতে চিন্তা ও আবেগের দক্ষ সমন্বয় খেয়ালের গঠনে এনেছে এক নতুন মাত্রা। উপস্থাপনায় এখনো যা সমকালীন এবং বিশ্লেষণে ঐতিহ্যমণ্ডিত। পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অন্যতম প্রতিষ্ঠাতা ও বিভাগীয় প্রধান ছিলেন। ৩০ বছরেরও বেশি সময় অধ্যাপনা শেষে ১৯৯২ সালে অবসর নেন তিনি।

কাল সন্ধ্যা ৭টায় ধানমন্ডি শেখ কামাল সরণির বেঙ্গল ক্যাফেতে সিডিটির প্রকাশনা ও সংগীত অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।