বেলা অবেলার ভিডিও গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্ঝর চৌধুরী
নির্ঝর চৌধুরী

ঈদ উপলক্ষে আটটি গানের ভিডিওচিত্র নিয়ে প্রকাশিত হচ্ছে ‘বেলা অবেলা’ নামে একটি নতুন অ্যালবাম। আধুনিক গানের এ অ্যালবামের সুর ও সংগীত পরিচালনা করেছেন যৌথভাবে নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। এর পাশাপাশি অ্যালবামটির জন্য গানও গেয়েছেন তাঁরা। অ্যালবামের অন্য শিল্পীরা হলেন— কণা, কোনাল, জুলি, শান ও কর্নিয়া।
‘বেলা অবেলা’ অ্যালবামের আটটি গানের মধ্যে চারটি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন নির্ঝর। বাকি গানগুলো একক।
‘বেলা-অবেলা’ অ্যালবাম প্রসঙ্গে নির্ঝর চৌধুরী বলেন, ‘এ অ্যালবামের গানগুলো সুমধুর; তবে চটুল ঘরানার। এর আগে আমি এই ধরনের গান করিনি।’ তিনি বলেন, ‘অনেক দিন ধরেই ভাবছিলাম, আমাকে সবাই যেভাবে চেনে; তা থেকে বেরিয়ে আসতে। সেই ভাবনা থেকেই এমন একটি অ্যালবামের কাজ করা।’
নির্ঝর চৌধুরীকে সবাই রবীন্দ্র ও নজরুল সংগীত গাইতেই বেশি দেখেছেন। তিনি গান শেখানোর কাজও করেন। নতুন অ্যালবামটি নিয়ে কাজ করার কারণ প্রসঙ্গে নির্ঝর বলেছেন, ‘আমি মনে করি, একজন শিল্পীকে সব ধরনের গানই গাইতে হয়। সেই চিন্তা-ভানা থেকে এটাকে অনেকটা আমাদের নিরীক্ষাধর্মী অ্যালবামও বলা যেতে পারে। তা ছাড়া আমরা চেয়েছিলাম, এমন একটি অ্যালবামে কাজ করার, যেখানে কাছের বন্ধুদের সবাই থাকবে। “বেলা অবেলা” অ্যালবামের মধ্য দিয়ে সেই ধরনের একটা প্রচেষ্টাও ছিল বলতে পারেন।’
‘বেলা অবেলা’ অ্যালবামের গানের কথা লিখেছেন মেফতাউল করিম ও খোরশেদ বাহার। আর এটি বাজারে আনছে ওয়াই আর মিউজিক। গানের ভিডিওগুলো নির্মাণ করেছেন রাজীব সালেহীন ও লতা আচার্য।