‘বেলা বয়ে যায়’ টেলিছবিতে সুস্মিতার গান
রাফাত ও অরণীর ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘বেলা বয়ে যায়’। ২১ অক্টোবর সংগীতশিল্পী সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেলে টেলিছবিটি প্রকাশিত হয়েছে। এ টেলিছবির মূল চরিত্রে অভিনয় করেছেন তাহসান রহমান খান ও সাবিলা নূর। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মনির খান শিমুল, মাজনুন মিজান প্রমুখ।
কাজী আসাদের চিত্রনাট্যে টেলিছবিটি তৈরি করেছেন আগা নাহিয়ান আহমেদ। পরিচালক বলেন, ‘বেলা বয়ে যায়’ আমার হৃদয়ের খুব কাছের একটি গল্প। এটি আমার প্রথম ফিকশন, তাই খুবই যত্ন নিয়ে কাজটি করেছি। আশা করি দর্শক নতুন কিছু পাবেন।
টেলিছবির জন্য আলাদা করে একটি গান করেছেন সংগীতশিল্পী সুস্মিতা আনিস। পরিচালকের মতে, বিশেষ কিছু দৃশ্যে ‘বেলা বয়ে যায়’ গানটির ব্যবহার টেলিছবিকে ভিন্ন মাত্রা দিয়েছে। গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি এবং সুর করেছেন সাজিদ সরকার।
সুস্মিতা আনিস বলেন, ‘এই প্রথম আমার কোনো গান টেলিছবির মাধ্যমে প্রকাশিত হলো। এই টেলিছবি ও গানের মধ্যে দিয়ে আমার অনেক দিনের একটা প্রত্যাশা পূরণ হলো। আমি বিশ্বাস করি, দর্শক-শ্রোতা “বেলা বয়ে যায়” টেলিছবিটি পছন্দ করবেন।