২০১৬: বেশিবার দেখা দশ গানের ভিডিও

ভিডিও দেওয়ার ওয়েবসাইট ইউটিউবে এ বছর বেশ কয়েকটি বাংলাদেশি গানের ভিডিও সাড়া ফেলে। দেশের দর্শকেরা সেই ভিডিওগুলো দেখে প্রচুর। সবচেয়ে বেশিবার দেখা এ বছরের ১০টি বাংলা গানের তালিকা দেওয়া হলো আজ। এই তালিকাটি তৈরি করা হয়েছে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত গানগুলোয় পড়া হিটের ওপর ভিত্তি করে।
এ তালিকায় এগিয়ে আছে মিনারের ‘ঝুম’ গানের ভিডিওটি। ৮০ লাখ ৪৩ হাজারের বেশিবার দর্শক ইউটিউবে দেখেছেন গানটি। এই ভিডিও এ বছরের ১৬ জুন ইউটিউবে দেওয়া হয়।
দর্শকসংখ্যার দিক থেকে ‘ঝুম’ গানের ভিডিওটির খুব কাছাকাছি আছে ইমরানের ‘ফিরে আসো না’। গতকাল পর্যন্ত এতে হিট পড়েছে ৮০ লাখ ২৩ হাজার বার। ভিডিওটি ইউটিউবে প্রকাশ পায় ২৮ এপ্রিল। তবে মুক্তির পর ইমরানের এই ভিডিওটি রাশিয়ার একটি মিউজিক ভিডিও থেকে নকল বলে অভিযোগ ওঠে।

তৃতীয় অবস্থানে আছে কনার ‘রেশমী চুড়ি’। এই ভিডিওটি ৭২ লাখ বার দর্শক দেখেছেন। ৩১ মার্চ ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হয়। তবে মুক্তির পর ভিডিওটি নিয়ে সমালোচনা হয়েছে। অভিযোগ ওঠে, এটি বলিউডের ‘রয়’ ছবির ‘চিটিয়া কালাইয়া’ গানের নকল।
এরপর দর্শকের দেখার দিক থেকে চতুর্থ অবস্থানে আছে শাওন গানওয়ালার ‘ইচ্ছে মানুষ’-এর ভিডিওটি। এটি ৬৫ লাখের বেশিবার দর্শক দেখেছেন। এই ভিডিওটি ইউটিউবে মুক্তি পায় ১২ মে।
পঞ্চম অবস্থানে আছে ইমরানের ‘বাহুডোর’ গানের ভিডিও। এটি দর্শক দেখেছেন প্রায় ৪৯ লাখ বার। ৭ জুলাই এই ভিডিওটি ইউটিউবে মুক্তি দেওয়া হয়।
তানজিব সারোয়ারের ‘মিথ্যা শিখাইলি’ গানের ভিডিওটি ৪৭ লাখের বেশি দর্শক ইউটিউবে দেখেছেন। এটি ২১ জুলাই অনলাইনে মুক্তি দেওয়া হয়।
মমতাজের ‘লোকাল বাস’ গানের ভিডিওটির অবস্থান সাতে। এটি ২ সেপ্টেম্বর ইউটিউবে দেওয়া হয়।

দর্শক দেখার দিক থেকে হাবিবের ‘মনের ঠিকানা’ গানটির অবস্থান আটে। এটি ৪৪ লাখের বেশিবার দেখেছেন দর্শক। এই গানের ভিডিওটি ইউটিউবে মুক্তি পায় ১ আগস্ট।
এরপর তাহসানের ‘ছিপ নৌকা’ গানটির ভিডিও দর্শক দেখেছেন ৩৯ লাখ বারের বেশি। এটি ইউটিউবে মুক্তি পায় ১৪ ফেব্রুয়ারি।
দশম অবস্থানে আছে ইমরানের ‘নিশিরাতে চান্দের আলো’ গানের ভিডিও। ইউটিউবে এটি মুক্তি পায় ২৩ আগস্ট। প্রায় ৩৩ লাখ ‘হিট’ পড়েছে এই ভিডিওতে।