বোনকে স্মরণ করে...

মাত্র ৫৭ বছর বয়সে গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন নজরুলসংগীতের জনপ্রিয় শিল্পী সালমা সুলতানা। চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। চলচ্চিত্রে গাওয়া গানের মধ্যে বেশি জনপ্রিয়তা পায় লাভ ইন সিমলা সিনেমার ‘ওগো তুমি যে আমার কত প্রিয়’ গানটি। আলম খানের সুর ও সংগীতে এই গানে সালমার সহশিল্পী ছিলেন ফেরদৌস ওয়াহিদ। বাংলা গানের এই শিল্পীকে স্মরণ করে কথা বলেছেন তাঁর বোন আবিদা সুলতানা ও ভাই শওকত আলী ইমন।
আবিদা সুলতানা: সালমার সঙ্গে আমার বয়সের পার্থক্য ছিল মাত্র দেড় বছরের। তার জীবনের সবকিছুই আমার সঙ্গে শেয়ার করত। সম্পর্কটাও ছিল বন্ধুর মতো। ১৯৭৩ সালে একবার আমি গিয়েছিলাম নেপালে। বেড়ানো শেষে আমি নিজের জন্য একটা শাড়ি কিনে এনেছিলাম। সেবার কারও জন্যই কিছু আনিনি। কেউ কিছু না বললেও সালমা আমার শাড়িটি দেখে খুব মন খারাপ করেছিল। অনেক কান্নাকাটিও করেছিল। পরে শাড়িটি ওকে দিয়ে দিই। আমার কাছ থেকে শাড়িটি পেয়ে খুব খুশি হয়েছিল। এরপর থেকে দেশের বাইরে কোথাও গেলে সালমার জন্য কিছু আনতে ভুলতাম না।
শওকত আলী ইমন: দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে আমি সবার ছোট। সবার কাছে আমি ছিলাম সবচেয়ে আদরের। তবে সালমা আপা আমাকে একটু বেশি ভালোবাসতেন। আপার একটা কথা এখনো মনে আছে। আমার বয়স যখন পাঁচ বছর, তখন আপা আমাকে একটা টি-শার্ট কিনে দিয়েছিলেন। তখন অবশ্য টি-শার্টের খুব একটা প্রচলন ছিল না। এরপর থেকে প্রতি ঈদে আপা আমাকে একটা দামি উপহার দিতেনই। এটা তাঁর মৃত্যুর আগের দিন পর্যন্ত অব্যাহত ছিল। আমার এখন মনে হচ্ছে, কে আমাকে ঈদে দামি উপহারটা দেবে?
অনুিলখিত