বৈশাখে বাপ্পার 'বোকাঘুড়ি'

‘এই বৈশাখে আমার আরেকটি অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। এক বছরের মধ্যে এটি হবে আমার গাওয়া ৪ নম্বর অ্যালবাম। এমনটা আমার পুরো সংগীতজীবনে আগে কখনো ঘটেনি। এর মধ্যে একটি রবীন্দ্রসংগীত আর একটি লোকগানের অ্যালবামও রয়েছে। তবে পুরো ব্যাপারটি গান গাওয়ার তাগিদ থেকেই হয়েছে।’ গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে নিজের নতুন অ্যালবাম নিয়ে এই কথাগুলো বলছিলেন গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার।
বাপ্পা মজুমদারের নতুন অ্যালবামের নাম বোকাঘুড়ি। ছয়টি গান দিয়ে তৈরি এই অ্যালবামের কাজ প্রায় শেষের দিকে। তাঁর প্রথম একক গানের অ্যালবাম তখন ভোরবেলা প্রকাশিত হয় ১৯৯৬ সালে। এরপর যথাক্রমে এক, দুই ও তিন বছর বিরতি দিয়ে অ্যালবাম প্রকাশ করেন বাপ্পা। সেই হিসাবে এবারের ব্যাপারটি সত্যিই ব্যতিক্রম।
বোকাঘুড়ির গান নিয়ে বাপ্পা বললেন, ‘আমি সাধারণত যে ধরনের গান গেয়ে থাকি, নতুন অ্যালবামের গানগুলো তেমনই। সবই রোমান্টিক ধাঁচের। ছয়টি গানের মধ্যে একটির কথা বিশেষভাবে বলতে চাই, গানটির নাম “জানালার গ্লাস”। গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ। গানটি আমাকে অতিমাত্রায় মুগ্ধ করেছে! তাই বলে অন্য গানের কথা কিন্তু খারাপ না। গানগুলো সবার ভালো লাগবেই।’
বাপ্পা জানান, তাঁর নতুন অ্যালবাম বোকাঘুড়ি উইন্ডার নামের নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানার থেকে প্রকাশিত হবে। আধুনিক গানের এই অ্যালবামে বাপ্পা মজুমদারের জন্য গান লিখেছেন রাসেল ও’নীল, মাস মাসুম, রানা, শাহান কবন্ধ, ইব্রাহীম ফাতেমী ও জীবন।