বৈশাখে ব্ল্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্ল্যাক ব্যান্ডের সদস্যরা
ব্ল্যাক ব্যান্ডের সদস্যরা

পয়লা বৈশাখেই ব্যান্ডের পঞ্চম অ্যালবাম শ্রোতাদের হাতে তুলে দিতে চায় ‘ব্ল্যাক’। প্রস্তুতি নেওয়া হচ্ছে সেভাবেই। এরই মধ্যে তিনটি গান তৈরি হয়েছে-‘আক্ষেপ’, ‘চোখ’ আর তৃতীয়টির নাম চূড়ান্ত হয়নি। আরও দশটি গানের সুর ও সংগীতায়োজন শেষ। এবার তাতে কণ্ঠ দেওয়ার পালা। ব্ল্যাকের অন্যতম সদস্য জাহান বললেন, ‘আমরা চারজনই চাকরি করছি। গান নিয়ে কাজ হয় সপ্তাহের শুক্রবার আর শনিবার। তাই একটু দেরি হচ্ছে। এবার সবাই খুব সিরিয়াস। আশা করছি, বৈশাখেই ব্ল্যাকের পাঁচ নম্বর অ্যালবাম শ্রোতাদের হাতে তুলে দিতে পারব। আমরা অলটারনেটিভ রক ধারার গান করি, এবারও তেমনি ধরনের গানই করছি।’


ব্ল্যাকের সঙ্গে শুরু থেকে ছিলেন তাহসান আর জন। একসময় তাঁরা ব্যান্ড ছেড়ে যান। এখন পুরোনোদের মধ্যে ব্ল্যাকের সঙ্গে আছেন জাহান (গিটার) আর টনি (ড্রামস। নতুন যুক্ত হয়েছেন চার্লস (বেজ) ও রুবাইয়াত (কণ্ঠ ও গিটার)।

জাহান জানান, ২২ জানুয়ারি থেকে ‘আক্ষেপ’ গানটি শ্রোতারা শুনতে পাবেন গ্রামীণফোন আর রেডিও জি বিডি ডটকমে। রবি, এয়ারটেল আর টেলিটকের গ্রাহকেরা এরই মধ্যে শুনতে পারছেন রেডিও জি বিডি ডটকমের গান।

২২ জানুয়ারি থেকে রেডিও জি বিডি ডটকমের গান শুনতে পাবেন গ্রামীণফোনের গ্রাহকেরা। এ উপলক্ষে সেদিন কনসার্ট আয়োজন করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি মিলনায়তনে আয়োজিত এই কনসার্টে গান করবে ব্ল্যাক, আর্টসেল, যাত্রী, অরণ্য, কার্নিভ্যাল, গাছ, এহসান রাহী অ্যান্ড ফ্রেন্ডস এবং এফ এ সুমন, ইভা, তানজিবসহ অনেকে। অনুষ্ঠান শুরু হবে বেলা তিনটায়।

ব্ল্যাকের ‘আপেক্ষা’ গানটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে। নির্দেশনা দিয়েছেন নাজমুস সাদাত। জাহান জানান, ২২ জানুয়ারি কনসার্টে মিউজিক ভিডিওটি প্রদর্শন করা হবে।

ব্ল্যাকের অ্যালবামগুলো হলো ‘আমার পৃথিবী’ (২০০১), ‘উৎসবের পর’ (২০০৩), ‘আবার’ (২০০৮) ও ‘ব্ল্যাক’ (২০১১)।