‘বোঝেন, আমার মনের অবস্থা কী’
'সিঁথি সাহা বেশ ভালো গায়িকা। আজ আমরা একটি দ্বৈত গজল রেকর্ড করেছি।' উপমহাদেশের প্রখ্যাত ভজন ও গজলশিল্পী অনুপ জালোটা তাঁর ফেসবুক পেজে সিঁথি সাহার সঙ্গে একটি ছবি শেয়ার করে এমনটি লিখেছেন। অনুপ জালোটার সঙ্গে 'উনকে খ্যায়ালো মে' শিরোনামে একটি গজলে কণ্ঠ দিলেন সিঁথি। বুধবার মুম্বাইয়ের 'রি এন রাগা' স্টুডিওতে গজলটির রেকর্ডিং হয়। অনুপ জালোটার সঙ্গে এটি প্রথম গান সিঁথির। বলিউডেও প্রথম।
হোয়াটসঅ্যাপে কথা হয় সিঁথির সঙ্গে। তিনি বলেন, 'এই আনন্দের কথা ভাষায় বোঝানো যাবে না। এত বড় একজন গুণী মানুষের সঙ্গে দেখা হলেই তো মন ভরে যাই। কিন্তু আমি একসঙ্গে গান করার সুযোগ পেয়েছি, গান রেকর্ড করেছি। এখন বোঝেন, আমার মনের অবস্থা কী! গানটি শেষ করার পর ওখানে সবাই আমার গায়কির প্রশংসা করেছেন।'
রেকর্ডিংয়ের আগে বেশ টেনশনে ছিলেন সিঁথি। নিজের মধ্যে ভয় কাজ করছিল। ৫ মার্চ মুম্বাইয়ে পৌঁছান। এর পর থেকে তিনি অনুশীলনের মধ্যেই ছিলেন। 'বুধবার স্টুডিওতে ঢোকার আগে থেকেই কেমন যেন সব এলোমেলো হয়ে যাচ্ছিল,' বলেন সিঁথি।
তাঁর ভাষায়, 'নার্ভাস হব না কেন। এমন একজন বড় মাপের শিল্পীর সঙ্গে গাইতে হবে। তা ছাড়া এই স্টুডিওতে বলিউডের বড় বড় সিনেমার বড় বড় শিল্পীর গান রেকর্ড হয়। এসব কাজের সংগীতায়োজন যাঁরা করেন, তাঁরাও উপস্থিত ছিলেন। সব মিলে আমার অবস্থা খুব একটা ভালো ছিল না। তবে সবার উৎসাহে শেষ পর্যন্ত ভালোভাবেই কাজটি করতে পেরেছি।'
ভালো গেয়েছেন সিঁথি। তাঁর উর্দু উচ্চারণও ভালো। বেশ আত্মবিশ্বাসী হয়ে তিনি আমার সঙ্গে গেয়েছেন।
সাধারণত গজল একটু বড় হয়। সিঁথি ধারণা করেছিলেন, নতুন হিসেবে অনুপ জালোটার সঙ্গে গানটি ঠিকঠাক তুলতে হয়তো ঘণ্টা দু-এক লেগে যেতে পারে। কিন্তু গানটি গাওয়া শুরু করার পর ধারণা পাল্টে গেছে তাঁর। বলেন, 'গানটির রেকর্ডিং শেষ করতে আধা ঘণ্টা সময় লেগেছে আমার। এত তাড়াতাড়ি নিখুঁতভাবে কাজটি শেষ করাতে ওখানে উপস্থিত সবাই কিছুটা অবাকও হয়েছেন।'
এই আনন্দের কথা ভাষায় বোঝানো যাবে না। এত বড় একজন গুণী মানুষের সঙ্গে দেখা হলেই তো মন ভরে যাই। কিন্তু আমি একসঙ্গে গান করার সুযোগ পেয়েছি, গান রেকর্ড করেছি। এখন বোঝেন, আমার মনের অবস্থা কী!
কীভাবে অনুপ জালোটার সঙ্গে গাওয়ার সুযোগ হলো জানতে চাইলে সিঁথি সাহা বলেন, 'আমি মাছরাঙা টেলিভিশনে “সিঁথির অতিথি” নামে একটি অনুষ্ঠানে উপস্থাপনা করি। অনুষ্ঠানে ভারত থেকে বড় বড় তারকা সংগীতশিল্পী অনলাইনে যুক্ত হয়েছিলেন। অনুপ জালোটাও ছিলেন। ওই অনুষ্ঠানের মাধ্যমে বছরখানেক আগে তাঁর সঙ্গে আমার অনলাইনে কথা হয়, জানাশোনা হয়। তখন তিনি বলেছিলেন, আমাকে নিয়ে একটি গজল গান করবেন। সেই কাজই আজ হলো।'
সিঁথির গানে সন্তুষ্ট অনুপ জালোটাও। 'ভালো গেয়েছেন সিঁথি। তাঁর উর্দু উচ্চারণও ভালো। বেশ আত্মবিশ্বাসী হয়ে তিনি আমার সঙ্গে গেয়েছেন।' অল্প কথায় মূল্যায়ন করলেন শিল্পী। এর আগে দুবার বাংলাদেশে এসেছিলেন অনুপ জালোটা। তা–ও প্রায় ২০ বছর আগে। আবার কখনো আসা হবে কি? এ ব্যাপারে তিনি বলেন, 'সুযোগ হলে অবশ্যই বাংলাদেশে যাব, আমি যেতে চাই।'
গজলটি লিখেছেন আবরার লাখনোবি। সুর-সংগীত করেছেন অনুপ জালোটা নিজেই।