বোনের জন্মদিনে লতা মুঙ্গেশকরের শুভেচ্ছা টুইট

দুই বোন, ভারতীয় উপমহাদেশের দুই জীবন্ত কিংবদন্তি। তাঁদের কতশত গান যে মানুষের মুখে মুখে ফেরে। বোনে বোনে মিল তো থাকবেই কিন্তু প্রযুক্তির ব্যবহারেও আশা ভোঁসলে আর লতা মুঙ্গেশকরের অনেক মিল। সম্প্রতি নিউইয়র্কে অবস্থানরত ছোট বোন আশা ভোঁসলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন লতা। আশা ভোঁসলের জন্মদিনে লতা মুঙ্গেশকরের এই শুভেচ্ছাবার্তার বাহন হয়েছে টুইটার। আশা ভোঁসলে তাঁর ৮২ তম জন্মদিনে বোনের এই শুভেচ্ছা টুইট পেয়ে দারুণ উচ্ছ্বসিত।
‘দিল চিজ কেয়া হ্যায়’, ‘দম মারো দম’ কিংবা ‘পিয়া তু আব তু আ যা’—আশা ভোঁসলের এসব গানে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। দুই বোনের মধ্যে দারুণ সম্পর্ক। দুজনেই প্রযুক্তিকে গ্রহণ করেছেন এ প্রজন্মের তারকাদের মতো করেই। বর্তমানে মার্কিন মুলকের ‘বিগ অ্যাপল’ খ্যাত নিউইয়র্কে আছেন আশা।
নিউইয়র্কে পৌঁছেই টুইট করেছিলেন আশা। লিখেছিলেন— এইমাত্র নিউইয়র্কে পৌঁছালাম। সবাইকে ধন্যবাদ; ভালোবাসা আর শুভকামনার জন্য। নিউ জার্সিতে ১৩ সেপ্টেম্বরের অনুষ্ঠান নিয়েই ভাবছি।

আশা ভোঁসলের জন্মদিন উপলক্ষে ৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ৪৬ মিনিটে লতা মুঙ্গেশকর টুইটে লিখেছিলেন— ‘শুভ জন্মদিন আশা’। তাঁর এই শুভেচ্ছা টুইট পাওয়ার পর নিউইয়র্কে অবস্থানরত আশা লিখেছেন— দিদির আশীর্বাদ সব সময়ই আমার সঙ্গে থাকে। কিন্তু এবারের বিষয়টা বিশেষভাবে আলাদা। কারণ, আমি তাঁর কাছ থেকে অনেক দূরে; আমেরিকায় আছি এবার।
এদিকে, আরেক টুইট বার্তায় লতা তাঁর অসংখ্য টুইটার অনুসারীদের কাছে বোন আশার জন্মদিন সম্পর্কে জানিয়েছিলেন— নমস্কার, আজ আমার ছোট বোন আশা ভোঁসলের জন্মদিন। তার জন্য অনেক শুভেচ্ছা।
এর আগে দুই বোনের একসঙ্গে তোলা বেশ কিছু দুর্লভ মুহূর্তের ছবিও টুইটারে পোস্ট করেছিলেন লতা মুঙ্গেশকর। যে ছবিগুলোতে এই দুই কিংবদন্তি গায়িকার শৈশব ও তারুণ্যের অসাধারণ কিছু মুহূর্ত ফুটে উঠছে।