ব্যথায় কাতরাচ্ছেন আকবর, কাঁদছেন স্ত্রী-সন্তান
আকবরের মেয়ে অথৈ ফেসবুকে লিখেছেন, ‘আমার আব্বুর অবস্থা খুবই আশঙ্কাজনক। ডাক্তার বলেছেন, যেকোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। সবাই আব্বুর জন্য বেশি বেশি দোয়া করবেন। আমরা যেন আব্বুকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়িতে নিয়ে যেতে পারি। আব্বু খুব কষ্ট পাচ্ছেন। আল্লাহ তুমি আমার আব্বুর কষ্ট একটু কমিয়ে দাও। আব্বুকে তাড়াতাড়ি সুস্থ করে দাও।’
সারা শরীরে ফোসকা, যন্ত্রণায় কাতরাচ্ছেন গায়ক আকবর। কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আকবরের শারীরিক অবস্থা অবনতির দিকে। অবস্থা খারাপ দেখে কাঁদছেন স্ত্রী কানিজ ফাতেমা ও কন্যা অথৈ। আজ রোববার দুপুরে প্রথম আলোকে আকবরের স্ত্রী বললেন, ‘ইসিজিসহ অন্যান্য রিপোর্ট হাতে পেয়েছি। অবস্থা মোটেও ভালো না। চিকিৎসক এও জানিয়েছেন, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে।
ঈদের পর থেকে অসুস্থ গায়ক আকবর গেল সপ্তাহে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে তিনি চিকিৎসক সুনীল কুমার বিশ্বাসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। এদিকে আকবরের মেয়ে ফেসবুকে লিখেছেন, ‘আমার আব্বুর অবস্থা খুবই আশঙ্কাজনক। ডাক্তার বলেছেন, যেকোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। সবাই আব্বুর জন্য বেশি বেশি দোয়া করবেন। আমরা যেন আব্বুকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়িতে নিয়ে যেতে পারি। আব্বু খুব কষ্ট পাচ্ছেন। আল্লাহ তুমি আমার আব্বুর কষ্ট একটু কমিয়ে দাও। আব্বুকে তাড়াতাড়ি সুস্থ করে দাও।’
ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত গায়ক আকবরের শারীরিক অবস্থার এখন খারাপের দিকে যাচ্ছে। এখনো খেতেও পারছেন না। কথা বলতে কষ্ট হচ্ছে। ব্যথায় চিৎকার করছেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে গেল বছর পাওয়া ২০ লাখ টাকার সঞ্চয়পত্রটা ভাঙতে পারলে চিকিৎসাসেবা ভালোভাবে চালিয়ে নিতে পারবেন বলে জানালেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা। এরই মধ্যে সঞ্চয়পত্র ভাঙার আবেদনও করেছেন বলে জানান তিনি।
হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি গান তাঁকে আলোচনায় নিয়ে আসে। সেই থেকে আকবরের পরিবারের পাশে সব সময় থাকেন তিনি। আকবরের স্ত্রী বলেন, ‘স্যার (হানিফ সংকেত) পরামর্শের আমরা চিকিৎসা চলিয়ে নিচ্ছি।’
কানিজ ফাতেমা বললেন, ‘এখন আর মানুষের কাছে হাত পাততে ইচ্ছে করছে না। প্রধানমন্ত্রী আমাদের ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন। এখন আমরা চাইছি সঞ্চয়পত্র ভাঙিয়ে চিকিৎসা করাতে হবে। মানুষ আর কত দিন আমাদের সহায়তা দেবে। প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া টাকা একসঙ্গে পেলে ভালোমতো চিকিৎসা করাতে পারব বলে মনে করছি।’
গত বছরের শুরুর দিকে অসুস্থ হয়ে বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হয় আকবরকে। তাঁর অসুস্থতার খবর পৌঁছে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এরপর তাঁর পরিবারকে ডেকে ২০ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী। সেই টাকার মুনাফা হিসেবে তিন মাস পর পর ৪৯ হাজার টাকা ব্যাংক থেকে তোলেন আকবর। আট বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন আকবর। তিন বছর হলো তাঁর শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, রক্তে প্রদাহসহ নানা রোগ। তাই আগের মতো এখন আর মঞ্চে গাইতে পারেন না।