ব্যর্থ প্রেম নিয়ে জেনিফার লোপেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লোপেজ
জেনিফার লোপেজ

একের পর এক বিয়ে, বাগদান ও প্রেম ভেঙে যাওয়ায় স্বভাবতই মর্মাহত মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। এসব ব্যর্থতা থেকে যথেষ্ট শিক্ষা হয়েছে বলেই জানিয়েছেন ৪৫ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অতীতের ভুলের পুনরাবৃত্তি না করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। 

এ প্রসঙ্গে লোপেজের ভাষ্য, ‘সবাই দেখেছেন আমি একের পর এক ভুল করে গেছি। যতবার আমি ভুল করেছি ততবারই কঠিন সময় পার করতে হয়েছে আমাকে। প্রতিবারই সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমি প্রচণ্ড আঘাত পেয়েছি। ভুল থেকে আমার যথেষ্ট শিক্ষাও হয়েছে। কিন্তু আমি কি করতে পারতাম! আমাকে তো জীবনের পথে এগিয়ে যেতে হবে। বরাবরই বিশ্বাস করতে চেয়েছি, আমি জীবনের পথে এক ধাপ এগিয়ে যেতে পারব। আমার প্রত্যাশা, জীবনের গতিপথ চলমান থাকলে একদিন না একদিন আমি অবশ্যই সঠিক মনের মানুষের সন্ধান পাব।’

লোপেজ আরও বলেন, ‘আমি এখনও ভালোবাসায় বিশ্বাসী। কোথাও না কোথাও আমার আদর্শ মনের মানুষের অস্তিত্ব অবশ্যই আছে। তাঁকে খুঁজে পাওয়ার জন্য আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে পিপল ডটকম।

প্রসঙ্গত, এখন পর্যন্ত তিন-তিনবার বিয়ে করেছেন জেনিফার লোপেজ। কিন্তু কোনো বিয়েই টেকেনি। প্রথম স্বামী অভিনেতা ও প্রযোজক ওজানি নোয়ার সঙ্গে মাত্র এক বছর সংসার করেছিলেন লোপেজ। এরপর লোপেজ বিয়ে করেন অভিনেতা ও নৃত্যশিল্পী ক্রিস জুডকে। দুই বছরের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। মার্কিন অভিনেতা ও নির্মাতা বেন অ্যাফ্লেকের সঙ্গেও বিয়ের কথা ছিল লোপেজের। তাঁদের বাগদানও সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

বেন অ্যাফ্লেকের পর মার্কিন গায়ক ও অভিনেতা মার্ক অ্যান্থনির সঙ্গে প্রণয়ে জড়ান লোপেজ। কিন্তু ২০১২ সালে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন লোপেজ-অ্যান্থনি। ২০১১ সালের অক্টোবরে বয়সে ২০ বছরের ছোট নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ক্যাসপার স্মার্টকে নতুন সঙ্গী নির্বাচন করেন লোপেজ। কিন্তু দুই বছরের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।

ক্যাসপারের সঙ্গে বিচ্ছেদের কয়েকদিনের মধ্যেই নতুন সঙ্গী খুঁজে নেন লোপেজ। তাঁর নতুন প্রেমিক ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’খ্যাত ৩৪ বছর বয়সী নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার মাস্কিম।